২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ২৫

ইরাকের রাজধানী বাগদাদে চারটি গাড়ি বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এসব বোমা হামলায় আরো অন্তত ৭৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 04:15 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার ঈদে মিলাদুন্নবীর ছুটির দিন সন্ধ্যায় এসব হামলা চালানো হয়। জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের বাগদাদ সফরের মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকাগুলোতেই এসব হামলা চালানো হয়। ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে এ সময় রাস্তায় প্রচুর লোকজন ছিল।শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালেকির নেতৃত্বাধীন সরকারের ক্ষতিসাধন করার জন্য আল কায়দা সংশ্লিষ্ট সুন্নি মুসলিম জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।প্রধানমন্ত্রী আল-মালিকির সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, ইরাকে এই ধরণে রক্তক্ষয়ী হামলা বৃদ্ধি পাওয়ার ঘটনায় তিনি উদ্বিগ্ন। এর মূল কারণ খুঁজে বের করে একটি চুক্তিতে আসার জন্য তিনি ইরাকের সব পক্ষের নেতাদের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, “অবশ্যই সেখানে রাজনৈতিক পছন্দ, সামাজিক পছন্দ, রাজনৈতিক আলোচনা ও সবকিছু নিয়ে আলোচনার সুযোগ থাকা উচিত।”পুলিশ জানিয়েছে, সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয়েছে বাগদাদের পূর্বাঞ্চলীয় আল শাবাব এলাকায়। এখানকার একটি বাণিজ্যিক এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে ১১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।একই দিন বন্দুকধারীরা বাগদাদের দক্ষিণাঞ্চলে একটি চেকপয়েন্টে হামলা চালিয়ে তিনজন পুলিশকে হত্যা করেছে। এই ঘটনায় আরো চার পুলিশ সদস্য আহত হয়েছেন।২০০৮ সালের পর গত বছরই ইরাকে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গত বছর দেশজুড়ে প্রায় নয় হাজার মানুষ বিভিন্ন হামলায় নিহত হয়েছেন।