২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বেঁচে গেলেন দুই জার্মান কূটনীতিক

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি শহরে ভ্রমণের সময় বন্দুকধারীদের গুলিবর্ষণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই জার্মান কূটনীতিক। তারা রক্ষা পেলেও তাদের বহনকারী গাড়িটি পুড়ে যায়।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 10:24 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার সন্ধ্যায় পারস্য উপসাগর উপকূলের কাতিফ জেলার আওয়ামিয়া শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রিয় বার্তা সংস্থা এসপিএ।পুলিশের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এসপিএ জানিয়েছে, বিরল এই ঘটনার তদন্ত করছে কর্তৃপক্ষ।তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।বার্লিন থেকে জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “ওই দেশে একটি গাড়ি ভ্রমণের সময় একটি ঘটনা ঘটেছে এটি আমি নিশ্চিত করছি। গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলে তাতে আগুন ধরে যায়। তবে এতে কেউ আহত হননি। রিয়াদের দূতাবাস এ ঘটনার তদন্ত শুরু করেছে।”২০১১ থেকেই ওয়ামিয়াসহ কাতিফ জেলার বিভিন্ন অংশে অস্থিরতা বিরাজ করছে। সুন্নি নিয়ন্ত্রিত সরকারের প্রতি সমতার দাবীতে বিক্ষোভ করে আসছে এই এলাকার শিয়ারা। এসব বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন।তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগে সৌদি সরকারকে অভিযুক্ত করে শিয়ারা জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেক জনকে গুলি করে হত্যা করা হয়েছে।বিশ্বের শীর্ষ তেল রপ্তানীকারী দেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব, শিয়াদের প্রতি বৈষম্যমূলক আচরণের কথা অস্বীকার করেছে। পুলিশের ওপর হামলার সময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ে উল্লেখিত ব্যক্তিরা নিহত হয়েছেন বলে দাবী করেছে সৌদি সরকার।২০১২ সালে অস্থিরতা সৃষ্টির দায়ে পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া জনগোষ্ঠির ২৩ জন নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় সৌদি সরকার।সৌদি গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ২৩ জনের মধ্যে শুধু নয়জন পলাতক আছেন। বাকীদের গ্রেপ্তার করে হয় হত্যা করা হয়েছে অথবা কারাগারে বন্দী করে রাখা হয়েছে ।