ইরানের পরমাণু চুক্তি কার্যকর ২০ জানুয়ারি
পারমাণবিক কর্মসূচি সঙ্কুচিত করতে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের অর্ন্তবর্তী চুক্তি ২০ জানুয়ারি থেকে কার্যকর করবে বলে জানিয়েছে তেহরান।
পারমাণবিক কর্মসূচি কমাতে রাজি ইরান
ইরানের পরমাণু কর্মসূচি: অবশেষে ‘সমঝোতা’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়ন রোববার চুক্তি কার্যকরের এই তারিখ নিশ্চিত করেছে।
গত নভেম্বরে করা ওই চুক্তি অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ৫ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদও একই পরিমাণ কমাবে। পাশাপাশি নাতাঞ্জ এবং ফর্দো পারমাণবিক স্থাপনায় পশ্চিমা পরিদর্শকদের আরো বেশি প্রবেশাধিকার দেবে।
বিনিময়ে ইরানের ওপর থেকে সাতশ কোটি ডলারের নিষেধাজ্ঞা উঠে যাবে। আগামী ছয় মাসে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞাও আরোপ করবে না পশ্চিমা বিশ্ব।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চুক্তি কার্যকরের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি মনে করেন, একটি দীর্ঘমেয়াদী চুক্তি করতে হলে ইরানকে আরো অনেক কিছু করতে হবে।
চুক্তির লঙ্ঘন ঘটলে ইরানকে নতুন নিষেধাজ্ঞার মুখোমুখী পড়তে হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার পশ্চিমা বিশ্বের অভিযোগ বরারবই অস্বীকার করে এসেছে তেহরান। ইরান বলে আসছে, বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা চাই।
এ নিয়ে গত এক দশক ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের বিরোধ চলার পর গত নভেম্বরে জেনেভায় দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানি ওই চুক্তিতে ইরানের সঙ্গে স্বাক্ষর করে।
