২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপোস ‘না’, তবে গৃহযুদ্ধ নয়: থাই বিরোধী নেতা

থাইল্যান্ডে সরকার পতনের আন্দোলনের নেতা সুদেপ থাকসুবান বলেছেন, গৃহযুদ্ধের হুমকি দেখা দিলে তিনি বিক্ষোভ বন্ধ করে মানুষজনকে ঘরে ফিরে যেতে বলবেন। কিন্তু সরকারের সঙ্গে এ মুহূর্তে কোনো আপোসে যাবেন না তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 07:43 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে সোমবার রাজধানী অচল করে দেয়ার কর্মসূচি নিয়েছে সরকার-বিরোধীরা। পরিকল্পনামাফিক ওই কর্মসূচিতে যাওয়ার আগ মুহূর্তে থাগসুবান তার এ অবস্থান জানালেন।

ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন বলে অভিযোগ করছে বিরোধীরা। এ কারণে ইংলাকের তাৎক্ষণিক পদত্যাগ এবং তার ডাকা ২ ফেব্রুয়ারি নির্বাচন প্রতিহত করতে বিক্ষোভ চলছে।

রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে সরকারের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন বিক্ষোভকারীদের নেতা সুদেপ থাগসুবান।

তবে অনেকেই যেমনটি আশঙ্কা করছেন, দেশে সহিংসতা বেড়ে গিয়ে গৃহযুদ্ধের হুমকি সৃষ্টি হবে, তেমন হলে আন্দোলন থেকে পিছু হটবেন জানিয়ে ইংরেজি ভাষার ‘সানডে ন্যাশন’ পত্রিকায় থাগসুবান বলেন, “গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে আমি আন্দোলন ছেড়ে দেব। জনগণের জীবন আমার কাছে মূল্যবান”।

তিনি আরো বলেন, “কেউ গৃহযুদ্ধ উস্কে দিলে আমি জনগণকে ঘরে ফিরে যেতে বলব”।

ইংলাকের পদত্যাগের দাবিতে নভেম্বরের শেষ দিক থেকে থাইল্যান্ডে শুরু হওয়া আন্দোলন-বিক্ষোভে এ পর্যন্ত বেশকিছু মানুষ নিহত হয়েছে।

সোমবার প্রধান প্রধান সড়ক বন্ধ করে দেয়াসহ সরকারের কাজকর্ম বন্ধ করে দিয়ে রাজধানী অচল করার পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের।

সরকারবিরোধী বিক্ষোভগুলোতে এ পর্যন্ত লাখ লাখ মানুষ যোগ দিয়েছে। আগামীদিনের বিক্ষোভেও বহু লোক সমাগম হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। সেকারণে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদারও করছে সরকার।

ব্যাংককে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ১২ হাজার পুলিশ এবং সরকারি কার্যালয়গুলোর সুরক্ষায় ৮ হাজার সেনা মোতায়েন করা হবে বলে রোববার জানিয়েছেন মন্ত্রীরা।

তবে পররাষ্ট্রমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল বলেছেন, “আমরা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাত চাই না। কোন কোন জায়গায় আমরা তাদেরকে সরকারি ভবনে ঢুকতে দেব”।

সরকার বিক্ষোভকারীদের নেতা থাগসুবানকে সোমবারের কর্মসূচি ‘বীরের মতো’ই পালন করতে দেবে বলে জানান শ্রমমন্ত্রী চালের্ম ইউবামরাং।

তিনি বলেন, “থাইল্যান্ডে ২০১০ সালের পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না। কারণ সরকার ওই কৌশল ব্যবহার করবে না”।

ওই বছর থাকসিনের সমর্থকদের ওপর সেনাবাহিনীর দমনাভিযানে পুলিশ ও সেনাসহ ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।