নির্বাসনে গেলেন মধ্য আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সদ্যপদত্যাগী অন্তবর্তী সরকারের সাবেক প্রেসিডেন্ট মিচেল জতদিয়া বেনিনে পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে তিনি নির্বাসনে গেছেন।
আন্ত-ধর্মীয় দাঙ্গা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করে শুক্রবার পদত্যাগ করেন দেশটির অন্তর্বর্তীকালীন নেতারা।
আর তার একদিন পরই জতদিয়া বেনিনে গেলেন বলে রোববার বিবিসি জানিয়েছে।
বেনিনের পররাষ্ট্রমন্ত্রী নাস্সিরাও বাকো আরিফারির সঙ্গে তিনি বিমানে দেশত্যাগ করেন।
এরআগে দেশটির অন্তবর্তীকালীন সরকারে থাকা নেতাদের পদত্যাগের খবরে জনগণকে রাস্তায় উল্লাস প্রকাশ করতে দেখা যায়। তবে সেই সঙ্গে প্রশ্ন উঠেছে এখন কে দেশটির দায়িত্ব গ্রহণ করবে।
চাদে ইকোনমিক কমিউনিটি অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস (সিইইএসি) এর দুইদিন ব্যাপী সম্মেলনে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট মিচেল জতদিয়া এবং প্রধানমন্ত্রী নিকোলাস তিয়ানগাই এর পদত্যাগপত্র পাঠানো হয়েছে।
সেখানে দেশটির দায়িত্ব নতুন নেতৃত্বের হাতে দেয়ার বিষয়েও আলোচনা হয়।
মার্চে প্রথম মুসলিম নেতা হিসেবে জতদিয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ক্ষমতা দখল করেন। এরপর থেকে তার বিরুদ্ধে প্রধানত মুসলিম বিদ্রোহীদল সেলকা বিদ্রোহ ঘোষণা করে। সেলকার নির্যাতনের শিকার হয়ে প্রায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং দশ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
সেলকা বাহিনীকে রুখতেই খ্রিস্টান আত্মরক্ষা বাহিনীর জন্ম হয়েছে বলেও দাবি অনেকের।
এদিকে গত মাসে আফ্রিকার শান্তিরক্ষী বাহিনীতে সাহায্য করার জন্য ফ্রান্স তাদের সাবেক এই কলোনিতে কয়েকশ’ সেনা পাঠিয়েছে। কিন্তু এতেও হত্যাকাণ্ড থামেনি এবং ফ্রান্স বার বার জতদিয়া সরকারের প্রতি তাদের হতাশা প্রকাশ করেছে।
শুক্রবারও কারফিউ জারির পর রাজধানী বানগুইতে বিদ্রোহী দুই দলের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। সংঘর্ষ এড়াতে ফ্রান্সের বাহিনীও সতর্কতা হিসেবে গুলি ছুঁড়েছে।
দাঙ্গা বিক্ষুব্ধ দেশের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র অন্তর্বর্তীকালীন পরিষদকে (সিএনটি) বৃহস্পতিবার চাদের সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। এরপরই জতদিয়া ও তিয়ানগুই পদত্যাগ করেন।
এদিকে এ ব্যাপরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রোমাঁ নাদাল বলেন, “আমরা পদত্যাগের বিষয়টি জেনেছি। এখন কি হবে সেটা সিএনটি এর ওপর নির্ভর করছে। এই পর্যায়ে কোনো অবস্থায় ফ্রান্স এ ব্যাপারে নাক গলাবে না।“
