কেজরিওয়ালের ‘জনতার দরবারে’ বিশৃঙ্খলা
দিল্লির সচিবালয় চত্বরে ব্যাপক বিশৃঙ্খলার কারণে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আহ্বান করা ‘জনতা দরবার’ এর উদ্বোধন পরিকল্পনা মাফিক হয়নি।
দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমির প্রধান কেজরিওয়ালের কাছে অভিযোগ নিয়ে শনিবার সচিবালয় চত্বরে কয়েকশ’ মানুষ জড় হয়েছিল বলে এনডিটিভি জানিয়েছে।বিশৃঙ্খলার কারণে দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত সচিবালয় চত্বর থেকে নিরাপত্তা কর্মীরা কেজরিওয়ালকে জোর করে সরিয়ে নেয়। তবে মন্ত্রিসভায় তার সহকর্মী রাখি বিরলা, সোমনাথ ভারতি ও সৌরভ ভারদওয়াজ সেখানে উপস্থিত থেকে জনগণের নিয়ে আসা আবেদনপত্র সংগ্রহ করেন।তার প্রশাসন অনুষ্ঠানস্থলের শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়া কেজরিওয়াল পরে ক্ষমা চেয়ে বলেন, “আমি যদি তখন ‘জনতা দরবার’ ছেড়ে চলে না যেতাম তবে সেখানে মারামারি লেগে যাওয়া সম্ভাবনা ছিল। পরবর্তী সময়ের জন্য আরো ভালো ব্যবস্থাপনা প্রয়োজন।““আমাদের ধারণার তুলনায় সেখানে বেশি মানুষ জড়ো হয়েছিল।“আম আদমি পার্টি তাদের নির্বাচনী ইশতেহারে সাধারণ মানুষের জন্য সচিবালয়ের ‘ভিআইপি’ ফটক সব সময় খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছিল।আর শনিবার নিরাপত্তাকর্মীদের তুলনায় সেখানে সরকারের কাছে অভিযোগ নিয়ে আসা মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছিল।সেদিন সচিবালয়মুখী সব রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল এবং শুধুমাত্র পথচারীদের চলাচলের অনুমতি দেয়া হয়েছিল।মুখ্যমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী জনতার ভিড়ে চারবছর বয়সী এক বালকের পরিবারও ছিল। গত ৩১ ডিসেম্বর বালকটি একটি বাসের নিচে চাপা পড়ে। তার বাবা একজন দিনমজুর এবং মা গৃহকর্মী। তাদের অভিযোগ পুলিশ ওই বাস চালকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে অস্বীকার করেছে।এর আগে বৃহস্পতিবার কেজরিওয়াল ঘোষণা করেন প্রতি সপ্তাহের শনিবার তার পুরো মন্ত্রিসভা দিল্লির সচিবালয়ের বাইরে বসবে এবং জনগণের অভিযোগের কথা শুনে তা সমাধানের চেষ্টা করবে।সেদিন কেজরিওয়াল বলেছিলেন, “যে কোনো সরকারের জন্য জনগণের অভিযোগ গুরুতর বিষয়। জনগণের অভিযোগের সমাধান করা প্রতিটি সরকারের দায়িত্ব। জনগণের অভিযোগ একটি লক্ষণ মাত্র, মূল অসুখ অন্য কোথায় সুপ্ত থাকে।“গুরুত্বের বিবেচনায় অভিযোগগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হবে বলও জানান দিল্লির সর্বকনিষ্ঠ এই মুখ্যমন্ত্রী।
