আফগান বন্দি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ আফগান ‘তালেবান বন্দি’ মুক্তির পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র ঝুঁকিপূর্ণ বলে মনে করে এমন ৮৮ জন বন্দির মধ্যে ৭২ জনের বিরুদ্ধেই বিচার করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ নেই দাবি করে আফগানিস্তান বৃহস্পতিবার এদের মুক্তি দেয়ার পরিকল্পনা জানিয়েছে।
কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বাগরাম জেলে তালেবান ও আল কায়েদা জঙ্গি সন্দেহে আটক এসব বন্দিকে ‘বিপজ্জনক অপরাধী’ বলে বর্ণনা করেছেন। সন্ত্রাসী-তৎপরতামূলক অপরাধে তাদের জড়িত থাকার জোরালো প্রমাণ আছে বলেও জানিয়েছেন তিনি।
২০১৩ সালের মার্চে যুক্তরাষ্ট্র আফগান সরকারের হাতে কাবুলের বাগরাম বিমান ঘাঁটির জেলের দায়িত্ব হস্তান্তর করেছে। এরপর থেকে জেলটির শ’শ’ বন্দি মুক্তি পেয়েছে।
কিন্তু যুক্তরাষ্ট্রের চোখে বিপজ্জনক ৭২ বন্দিকে মুক্তি দেয়ার আফগান সরকারের সর্বসাম্প্রতিক এ সিদ্ধান্ত দু’দেশের সম্পর্কে নতুন করে আরো টানাপোড়েন সৃষ্টি করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
জেন সাকি বলেন, “এই বন্দিদের মামলা আফগান অপরাধী বিচার প্রক্রিয়ার আওতায় না নিয়ে বরং তাদেরকে মুক্তি দেয়ার পরিকল্পনায় আমরা উদ্বিগ্ন। এই বন্দিরা আফগান জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তায় হুমকি হয়ে দেখা দিতে পারে”।
যুক্তরাষ্ট্র বলছে, ওই ৮৮ বন্দির বিরুদ্ধে নেটো বাহিনীর ৬০ সদস্য এবং আফগান বাহিনীর ৫৭ জনকে খুন কিংবা জখম করার অভিযোগ আছে।
কিন্তু আফগান সরকারের ভাষ্য, ৮৮ বন্দির মধ্যে ৪৫ জনের বিরুদ্ধেই কোনো তথ্যপ্রমাণ নেই। আর ২৭ জনের বিরুদ্ধে যেসব তথ্যপ্রমাণ আছে তা তাদের বিচার করার জন্য যথেষ্ট নয়।
কারজাইয়ের মুখপাত্র আয়মল ফাইজি বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, “আমরা নির্দোষ আফগান নাগরিকদেরকে মাসের পর মাস, বছরের পর বছর কোনো কারণ ছাড়াই বিচারের জন্য বন্দিশালায় আটকে রাখতে পারি না”।
কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেটররা এর আগে গত সপ্তাহে কাবুল সফরের সময় সতর্ক করে দিয়ে বলেছিলেন, এই বন্দিদেরকে মুক্তি দেয়ার পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।
‘তালেবান বন্দিদের’ মুক্তি দিচ্ছে আফগানিস্তান
