দেবযানীর মামলা পেছানোর আবেদন খারিজ
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে ভিসা জালিয়াতি মামলার শুনানি পেছানোর জন্য তার আইনজীবীর জানানো আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।
ভারতে মার্কিন দূতাবাসের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ
আগামী ১৩ জানুয়ারি এই মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠান করা কিংবা অভিযোগ গঠনের কথা রয়েছে। দেবযানীর আইনজীবী ড্যানিয়েল আরশাক এ সময়সূচি আরো ৩০ দিন পিছিয়ে ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করার আবেদন জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের আদালত বুধবার সে আবেদন খারিজ করে দিয়েছে। ম্যানহাটন আদালতের ম্যাজিস্ট্রেট জাজ সারাহ নেটবার্ন এক নির্দেশনামায় আবেদনটি খারিজ করেন।
এতে বলা হয়, আরশাক কেবল প্রাথমিক শুনানি পিছিয়ে দিতে চাইছেন, কিন্তু এতে করে নির্ধারিত দিনে অভিযোগ গঠন প্রক্রিয়া বন্ধ হবে না।
ম্যানহাটনে দেবযানী মামলা সংশ্লিষ্ট কার্যালয়ের মার্কিন এটর্নি প্রীত ভারারাও বিচারপ্রক্রিয়ায় দেরী করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, অভিযোগ গঠনের পর আবেদন নিয়ে আলোচনা চলতে পারে।
এ পরিস্থিতিতে অন্য কোনো বিকল্প পন্থা ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেবযানীর আইনজীবী।
১২ ডিসেম্বরে ভিসা জালিয়াতি ও গৃহকর্মীকে নির্ধারিত মজুরির চেয়ে কম মজুরি দেয়ার অভিযোগে দেবযানীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ।
গ্রেপ্তারের সময় প্রকাশ্যে তার হাতে হাতকড়া পরানো হয় এবং ধরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে দেহ তল্লাশি করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।
দেবযানীর মামলা প্রত্যাহার করে নেয়ার দাবি জানায় ভারত। কিন্তু দেবযানীর বিচার প্রশ্নে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দিতে রাজি হয়নি। বরং মার্কিন কৌসুলিরা দেবযানীর মামলায় আরো তথ্য-প্রমাণ একাট্টা করছেন বলে খবর পাওয়া যায়।
