৩৪ বিদেশি যোদ্ধাকে হত্যা করেছে সিরীয় বিদ্রোহীরা
সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট গত তিনদিনে দেশের উত্তরপশ্চিমাঞ্চলে আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ৩৪ বিদেশি যোদ্ধাকে হত্যা করেছে।
মঙ্গলবার একথা জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলজুড়ে বিদ্রোহী অধুষ্যিত এলাকাগুলোর মধ্যে জাবাল আল জাউইয়ায় ‘ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) এর বিরুদ্ধে লড়াইরত অন্যান্য বিদ্রোহী দলগুলোর জোটের ব্যাপক সংঘর্ষের অংশ হিসাবেই এ হত্যাকান্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে।
অবজারভেটরির পরিচালক রমি আব্দুলরহমান বলেন, নিহত ৩৪ জনের বেশির ভাগই আইএসআইএল এর যোদ্ধা। আর কিছু আছে শরিক দল জুন্দ আল-আকসার যোদ্ধা।তাদেরকে আটক করে এবং সিরীয় যোদ্ধাদের থেকে আলাদা করে নিয়ে মেরে ফেলা হয়েছে।
তবে খবরটি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
সিরিয়ার উত্তরাঞ্চলে রাক্কা শহরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সম্প্রতি সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। রাক্কায় আল কায়েদা সংশ্লিষ্ট শক্তিশালী গোষ্ঠী আইএসআইএল এর সদরদপ্তরগুলো রোববার হামলার শিকার হয়েছে।
আল তাবকা এলাকাতেও এই দুই দলের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
আইএসআইএল নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে নির্যাতন, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর এবং মানুষজনকে আটকে রাখার মতো নানা অভিযোগ।
সিরিয়ার উত্তরাঞ্চলে কয়েকটি স্থানে আইএসআইএল এর প্রতিদ্বন্দ্বী দল হিসাবে ছড়িয়ে রয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা মধ্যপন্থি ও অন্যান্য ইসলামিক দলগুলোর জোট।
