২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেবযানীর মামলা পিছানোর অনুরোধ

ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতির মামলা পিছিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন তার আইনজীবী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 06:34 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ট্রাইব্যুনালের সঙ্গে অর্থবহ আলোচনা চালিয়ে যাওয়ার জন্য বিচারপ্রক্রিয়া শুরু করতে সময় চাওয়া হয়েছে।

নিউ ইয়র্কের ফেডারেল ম্যাজিস্ট্রেট জাজের কাছে লেখা একটি চিঠিতে সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে অভিযোগ দাখিল করতে হবে কিংনা প্রাথমিক শুনানি অনুষ্ঠান করতে হবে।

খোবরাগাড়ের আইনজীবী ড্যানিয়েল আরশাক আদালতকে এ চিঠি দেয়ার কথা নিশ্চিত করে জানিয়েছেন।

১২ ডিসেম্বরে ভিসা জালিয়াতি ও গৃহকর্মীকে নির্ধারিত মজুরির চেয়ে কম মজুরি দেয়ার অভিযোগে দেবযানীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ।

গ্রেপ্তারের সময় প্রকাশ্যে তার হাতে হাতকড়া পরানো হয় এবং ধরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে দেহ তল্লাশি করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।

দেবযানীর মামলা প্রত্যাহার করে নেয়ার দাবি জানায় ভারত। কিন্তু দেবযানীর বিচার প্রশ্নে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দিতে রাজি হয়নি। বরং মার্কিন কৌসুলিরা দেবযানীর মামলায় আরো তথ্য-প্রমাণ একাট্টা করছেন বলে খবর পাওয়া যায়।

দেবযানীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার শেষ দিন আগামী ১৩ জানুয়ারি। দেবযানীর আইনজীবী এ সময়সূচি আরো বাড়াতে চান। এ সময় আরো ৩০ দিন বাড়িয়ে ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করার জন্য মার্কিন বিচারককে অনুরোধ করেছেন আরশাক।

দেবযানী এরই মধ্যে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। আটকের পরপরই তিনি জামিনে মুক্তি পান। ভারত সরকার তাকে হেনস্তা করার কারণে মার্কিন সরকারকে ক্ষমা চাইতে বলেছে। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়েছে, এ ঘটনায় ক্ষমা চাওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের।