মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন সিসি
মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে সেনাপ্রধান আব্দেল ফাত্তা আল সিসি দাঁড়াবেন কিনা তা নিয়ে আর কোনো প্রশ্ন নেই, বরং কখন তিনি তার প্রার্থিতা ঘোষণা করবেন তাই নিয়ে চলছে জল্পনা।
সোমবার তিনদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সিসি।আসছে এপ্রিলেই হতে পারে মিশরের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে তেমন কোনো উল্লেখযোগ্য শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায়, গত জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা এই জেনারেলই হতে যাচ্ছেন মিশরের পরবর্তী প্রেসিডেন্ট, অন্তত তার মনোভাব সম্পর্কে মিশরীয়দের এমনই ধারণা।মিশরকে বিরাজমান সঙ্কট থেকে টেনে তোলার জন্য একটি শক্ত হাত প্রয়োজন এমন যারা মনে করছেন সেই সব মিশরীয়দের ওপরও নির্ভর করছে সিসির প্রার্থিতা।নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, “খুব সম্ভবত সিসি এটি ঘোষণা করতে যাচ্ছেন যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাম্প্রতিক এক বৈঠকে সেনাবাহিনী তার প্রার্থিতার প্রতি সমর্থন প্রকাশ করেছে।”পার্লামেন্ট নির্বাচনের আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার এমন ইঙ্গিত দেয়ার পর থেকেই সিসি’র মনোভাব সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে যায়।মিশরীয় এক টেলিভিশনে সিসি প্রার্থী হচ্ছেন জানানো হলে, শনিবার এক বিবৃতিতে ওই সংবাদের প্রতিবাদ করে সেনাবাহিনী। সংবাদ প্রকাশের বিষয়ে পেশাদারী মনোভাবের পরিচয় দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানায় তারা। কিন্তু প্রকাশিত সংবাদের মূলতথ্য পরিষ্কারভাবে অস্বীকার করেনি।২০১২ সালে যেবার মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এক বছর ক্ষমতায় ছিলেন, সেই পর্বটি ছাড়া বরাবর মিশরের প্রেসিডেন্ট পদটি সামরিক বাহিনী থেকে আসা প্রার্থীদের নিয়ন্ত্রণে ছিল। তাই আসছে নির্বাচনেও সিসি জয়ী হতে যাচ্ছেন, এ বিষয়ে দ্বিমত করার লোক খুব অল্প।
