দক্ষিণ সুদান সঙ্কট: জুবা গেলেন সুদানের প্রেসিডেন্ট
দক্ষিণ সুদানের সংঘর্ষ নিরসনের চেষ্টায় প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে আলোচনা করতে একদিনের সফরে জুবায় গেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির।
ইথিওপিয়ায় দক্ষিণ সুদানের দুই বিবাদমান পক্ষের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক চলার মধ্যেই লড়াই চলছে। আলোচনায় এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।এ পরিস্থিতির মধ্যে সোমবার দক্ষিণ সুদান সঙ্কট নিরসনের আঞ্চলিক প্রচেষ্টায় সমর্থন দিতে কয়েকজন মন্ত্রীকে নিয়ে দেশটির রাজধানী জুবায় যান সুদানের প্রেসিডেন্ট বশির। সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।পূর্ব আফি্রকার ইন্টারগভমেন্টাল অথোরিটি অন ডেভেলপমেন্ট (আইগাদ) দক্ষিণ সুদানের সরকার ও বিরোধীদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে।চীনের পররাষ্ট্রমন্ত্রীরও ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দক্ষিণ সুদানের দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।শুক্রবার পর্যন্ত দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহী পক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে মধ্যস্থতাকারীদের সহায়তায়। এখন দুপক্ষ সরাসরি আলোচনায় বসবে বলে আশা করা হচ্ছে।গত ১৫ ডিসেম্বর থেকে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক ম্যাকারের অনুগত যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে এ পর্যন্ত অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে।
