২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের সেনাদের পুনর্বিচারের পক্ষে এরদোগান

তুর্কি সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত কয়েকশ’ সামরিক কর্মকর্তার পুনর্বিচারের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোগান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 03:34 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রোববার তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলে সাংবাদিকদের এরদোগান একথা বলেন বলে জানিয়েছে বিবিসি।অভিযুক্ত কর্মকর্তারা বিচার বিভাগ ও পুলিশের ষড়যন্ত্রের শিকার বলে এরদোগানের এক জ্যেষ্ঠ উপদেষ্টা মন্তব্য করার পর তিনি ওই কর্মকর্তাদের পুনর্বিচারের পক্ষে অবস্থান নিলেন।২০১২ ও ১৩ সালে উচ্চ-পর্যায়ের বেশ কয়েকটি মামলায় কয়েকশ’ লোককে কারাদণ্ড দেয়া হয়।এরদোগান বলেন, “পুনর্বিচারের পক্ষেই আমাদের অবস্থান। প্রথমে পুনর্বিচারের জন্য আইনি প্রস্তুতি নিতে হবে আমাদের।”তুর্কি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ ধরনের সিদ্ধান্ত নিলেন এরদোগান।দুর্নীতির অভিযোগে তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য পদত্যাগ করার পর পুলিশ ও বিচার বিভাগের বিরুদ্ধে সাজানো মামলা করার অভিযোগ তুলেছেন তিনি।তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সরকার রাজনৈতিকভাবে ইসলামপন্থী। ক্ষমতায় এসে তুর্কি সেনাবাহিনীর ক্ষমতা হ্রাসের উদ্যোগ নিয়েছিল তারা। মোস্তফা কামাল আতার্তুক প্রতিষ্ঠিত আধুনিক ধর্মনিরপেক্ষ তুর্কি সংবিধানের রক্ষক হিসেবে নিজেদের বিবেচনা করে দেশটির সেনাবাহিনী।এক সময় সেনাবাহিনীর বিরোধীতা করলেও এখন বিচার বিভাগ ও পুলিশের সঙ্গে বিরোধে জড়িয়ে সেনাবাহিনীর পক্ষ নিয়েছে এরদোগান সরকার।