২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ায় দক্ষিণ সুদানের যুদ্ধবিরতি আলোচনা শুরু

দক্ষিণ সুদানে লড়াইয়ের অবসান নিয়ে সরকার ও বিদ্রোহী পক্ষের প্রতিনিধিদের যুদ্ধবিরতি আলোচনা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 05:51 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

সরকার ও বিদ্রোহী পক্ষের আলোচকরা মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করছে। তাদের মধ্যে সরাসরি বৈঠক এখনো হয়নি।

দুপক্ষের প্রতিনিধিরা বুধবার থেকে ইথিওপিয়ায় পৌঁছতে শুরু করলেও পুরো আলোচক দল না পৌঁছানো পর্যন্ত আলোচনা শুরু করা হয়নি।

ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, আলোচনা শুরু হয়েছে।

বিবিসি’র এক সংবাদদাতা আদ্দিস আবাবা থেকে জানান, দু’পক্ষের আলোচকদল একই হোটেলে উঠেছে। কিন্তু এ মুহূর্তে তারা কেবলমাত্র মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলছে।

মধ্যস্থতাকারীরা দুপক্ষের আলোচকদের মধ্যে সরাসরি বৈঠক করানোর পট প্রস্তুতের চেষ্টা করছে। শুক্রবার দিনশেষে কিংবা শনিবার সরাসরি বৈঠক হতে পারে বলে জানান তিনি।

যুদ্ধবিরতি পর্যবেক্ষণের উপায় নিয়ে দুপক্ষকে আলোচনায় রাজি হতে হবে। এ কারণে তাদের মধ্যে আলোচনা জটিল আকার ধারণ করার সম্ভাবনা আছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বিদ্রোহী নেতা ম্যাকার আলোচনার আগেই লড়াই বন্ধে অস্বীকৃতি জানিয়েছেন। ওদিকে প্রেসিডেন্ট কিরও প্রতিপক্ষের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে চুক্তির সম্ভাবনা নাকচ করেছেন।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে দক্ষিণ সুদানের দূতাবাস থেকে আরো কর্মী প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে। দক্ষিণ সুদানের অবনতিশীল পরিস্থিতির কারণে রাজধানী জুবার দূতাবাস থেকে আরো কর্মী সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর।

অবশ্য মার্কিন রাষ্ট্রদূত সুসান পেজ রয়টার্সকে বলেছেন, “আমরা অভিযান স্থগিত করছি না, কেবল আমাদের উপস্থিতিটা কমাচ্ছি”।

দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট সালভা কিরের সমর্থক এবং তার প্রতিপক্ষ বিদ্রোহী নেতা রিক ম্যাকারের সমর্থকদের মধ্যে লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ১ হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ।