২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল বড় ধরনের তুষার ঝড়ের কবলে পড়েছে। এতে ওই অঞ্চলের অন্যতম শহর ম্যাসাচুসেটস রেকর্ড ২১ ইঞ্চি তুষারে ঢাকা পড়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jan 2014, 02:55 PM

Updated : 25 Apr 2022, 03:39 PM

বৃহস্পতি ও শুক্র দুইদিনের তুষারঝড়ে ৪ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

শুক্রবার সকালের দিকেই বাতিল হয়ে গেছে প্রায় ১ হাজার ৮৬৮ ফ্লাইট। আর ১ হাজার ৪১০ টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে ফ্লাইটঅ্যাওয়ারডটকম এর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

সকালে বরফ সরাতে কিছুক্ষণের জন্য বন্ধ করা হয় নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর। নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দর, নিউ ইয়র্কের লা গার্ডিয়া এবং ফিলাডেলফিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের বেশির ভাগ ফ্লাইট বাতিল হয়েছে।

বন্ধ হয়ে গেছে সড়ক পথে ভ্রমণও। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রয়েছে। নিউ ইয়র্কের আশপাশের এলাকাগুলোতে কমে গেছে ট্রেন চলাচল। কিছু কিছু সিটি বাস চললেও সময়সূচি মেনে চলতে পারছে না। বন্ধ হয়ে গেছে সরকারি স্কুলগুলোও।

তুষারঝড়ের কারণে শুক্রবার সকালে কানেকটিকাটের বেশির ভাগ স্কুল ও কলেজ বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন রাজ্যটির গভর্নর। ওদিকে, নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করেছেন রাজ্য দুটির গভর্নর।

২০১৪ সালের শুরুতেই আঘাত হানা এ শীতকালীন ঝড়ের কারণে নিম্ন মিসিসিপি উপত্যকা থেকে আটলান্টিক উপকূল পর্যন্ত তীব্র বাতাস বয়ে যাচ্ছে এবং তাপমাত্রা নেমে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।

বোস্টনসহ উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ ইংল্যান্ডের আংশিক এলাকা শুক্রবার সকাল পর্যন্ত ১৪ ইঞ্চি তুষারে ঢাকা পড়েছে। ওয়াশিংটনে ২ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। এছাড়া, বাল্টিমোরে ৩ থেকে ৬ ইঞ্চি, ফিলাডেলফিয়ায় ৫ ইঞ্চি এবং হার্টফোর্ডে ৬ থেকে ১০ ইঞ্চি তুষারপাত হয়েছে।

নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো বলেছেন, “এ ঝড়টি বিস্তৃত হলে, রাজ্যের অনেক এলাকা তীব্র বাতাস ও ভারি তুষারের কবলে পড়বে। আমি নিউ ইয়র্ক বাসীদের সাবধানতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি, ভ্রমণ এড়াতে ও ঘরের ভিতর থাকার পরামর্শ দিচ্ছি।”

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর্কটিক (উত্তর মেরু) বাতাসের এই ঝড়ে তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি নিচে নেমে যেতে পারে। আগামী ২৪ ঘন্টাতেই তাপমাত্রার এ নিম্নগতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ম্যাসাচুসেটসের গভর্নর ডেভাল প্যাট্রিক বলেছেন, তীব্র শীতল বাতাসের কারণে তাপমাত্রা দ্রুত নেমে যাবে বলে ধারণা করা হচ্ছে। তাপমাত্রা মাইনাস ৩২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। যার ফলাফল খুব মারাত্মক হবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী অঞ্চল ভ্যান বুরেন, মেইনে বুধবার তাপমাত্রা মাইনাস ৪৩ ডিগ্রি নেমে গিয়েছিল। প্রায় একই ধরনের অবস্থা ছিল মিনেনসোটার ব্যাবিট ও এমব্যারাসে।