ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি বাস খাদে উল্টে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। মুম্বাই থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে মালসেজ ঘাট পর্যটন এলাকার কাছে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে জানানো হয়েছে কয়েকটি প্রতিবেদনে।
ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানান, বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।খারাপ রাস্তাঘাট, যানবাহন এবং গাড়ি চালনায় ত্রুটির কারণে ভারতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় প্রতিবছর নিহত হয় হাজার হাজার মানুষ।
অক্টোবরে পাঞ্জাবে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন পূণ্যার্থী নিহত হয়েছে। একই মাসে আরেক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ৩০ জন। এর আগে গত মে মাসে আরেকটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৯ জন।
