‘মৃত্যুর দ্বারে শ্যারন’
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন ২০০৬ সালে স্ট্রোক করার পর থেকে কোমায় রয়েছেন। কিডনির সমস্যার কারণে বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে।
ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেশটির ৮৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী শ্যারন।
বুধবার হাসপাতালের কর্তৃপক্ষ তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে টেলিফোনে কোনো উত্তর দিতে সম্মত হননি।
দেশটির রাষ্ট্রীয় বেতারে সাবেক জেনারেল ও ডানপন্থি নেতা শ্যারনের অবস্থা কয়েকদিন ধরে অবণতির দিকে যাচ্ছে বলে জানায়। কিডনি বিকল হয়ে যাওয়ার কারণে তার জীবন ঝুঁকিরমুখে পড়েছে বলে জানানো হয়।
অজ্ঞাত এক সূত্রের বরাত দিয়ে দ্য হারিতজ সংবাদপত্রের অনলাইন ভার্সনে জানানো হয়, “কয়েকদিনের মধ্যেই শ্যারনের মৃত্যু হতে পারে।”
তার (শ্যারন) অবস্থা ক্রমেই অবণতির দিকেই যাচ্ছে।
দেশটির চ্যানেল-২ জানিয়েছে, শ্যারনের শয্যাপাশে তার ছেলে রয়েছেন।
