চীনা নেতাদের প্রকাশ্যে ধূমপানে নিষেধাজ্ঞা
চীনের কমিউনিস্ট পার্টির নেতারা প্রকাশ্যে ধূমপান করতে পারবেন না অথবা সরকারি অর্থ ব্যয় করে সিগারেট কিনতে পারবেন না বলে নির্দেশ দেয়া হয়েছে।
উল্টো ধূমপানের অভ্যাস ছাড়তে সহকর্মীদের উৎসাহিত করার জন্য চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের বলা হয়েছে।রোববার সন্ধ্যায় জারি করা এক সার্কুলারে এসব কথা বলেছে চীনের রাষ্ট্রীয় কাউন্সিল তথা মন্ত্রিসভা।এতে বলা হয়, “প্রকাশ্যে ধূমমান করা পার্টির নেতৃস্থানীয় সভ্যদের ছোট একটি অংশের সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে, তারা শুধু জনসাধারণের স্বাস্থ্য ও পরিবেশকেই বিপদগ্রস্ত করছেন না, তারা কমিউনিস্ট পার্টি ও সরকারের ভাবমূর্তিরও ক্ষতি করছেন।”“পার্টির সভ্যরা সরকারি অর্থ ব্যয় করে তামাকজাত দ্রব্য ক্রয় করতে পারবেন না, আর যারা এই সিগারেট সংক্রান্ত বিধি অমান্য করবেন তাদের সমালোচনা করা হবে এবং তাদের দুষ্ট প্রভাব সম্পর্কে শিক্ষা দেয়া হবে। বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বস্তরের নেতাদের কঠোর হতে হবে।”তবে বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে সে সম্পর্কে সার্কুলারে বিস্তারিত কিছু জানানো হয়নি।সার্কুলারে বলা হয়, “কমিউনিস্ট পার্টির সভ্যদের ধূপমানের অভ্যাস ছেড়ে জনসাধারণের সামনে উদাহরণ স্থাপনে নেতৃত্ব দিতে হবে, আর নেতাদের তাদের সহকর্মীদের ধূমপানের অভ্যাস ত্যাগ করতে উৎসাহিত করতে হবে।”চীন বিশ্বের সবচেয়ে বড় তামাকজাত দ্রব্যের ক্রেতা। চীনের সামাজিক জীবনে ধূমপানের অভ্যাস ব্যাপকভাবে প্রসারিত, বিশেষ করে পুরুষদের মধ্যে। দামী সিগারেট প্রায়ই উপহার হিসেবে দেয়া হয়।২০০৮ সাল থেকে চীনে প্রকাশ্যে ও সরকারি দপ্তরগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়। তবে এসব বিধিনিষেধ কার্যকর করার ঢিলেভাবের কারণে “ধূমপান নিষেধ” লেখা সাইনগুলো নিয়মিতই অগ্রাহ্য করা হয়।
