ক্যাম্বোডিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
থাইল্যান্ডে বিরোধীদলের হাজার হাজার সমর্থক দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হুন সেনের পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে।
বিরোধীদের সঙ্গে এ বিক্ষোভে যোগ দেয় গামেণ্টস কর্মীরা। নূন্যতম মজুরি বাড়ানোর দাবি জানায় তারা।
নম পেন পার্কের সমাবেশে প্রধান বিরোধীদল ‘ক্যাম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টি’র নেতা স্যাম রেইনসি বলেন, “হুন সেন আর তার অবৈধ সরকার আমাদের কথা শুনছে। তারা আমাদেরকে অগ্রাহ্য করতে পারে না। জনগণ পরিবর্তনের জন্য তাদের আকাঙ্খার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা হুন সেনের পদত্যাগ এবং নতুন নির্বাচন দেয়ার দাবি জানাই।”
বিক্ষোভকারীদের অনেকেই এই পার্কটিতে ১৫ ডিসেম্বর থেকে তাঁবু খাটিয়ে অবস্থান করছে।
থাইল্যান্ডে দীর্ঘদিন আধিপত্য করে আসা হুন সেনের ‘ক্যাম্বোডিয়ান পিপলস পার্টি’ জুলাইয়ের নির্বাচনে খুব কম সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হয়। বিরোধীদের ভোট ডাকাতির অভিযোগে তারা কোনো আমল দেয়নি।
২৮ বছর ধরে ক্ষমতায় থাকা হুন সেন নির্বাচনে কারচুপি তদন্তের বিরোধীদলীয় দাবিও অগ্রাহ্য করেছেন। পদত্যাগ করা কিংবা নতুন নির্বাচন ডাকার দাবিও উপেক্ষা করেছেন তিনি।
তার কর্তৃত্ববাদী শাসন মানবাধিকার গোষ্ঠীগুলোর সমালোচনার শিকার হয়েছে। তাছাড়া, সরকারের ব্যাপক দুর্নীতি অনেক ভোটারকে বিমুখ করেছে। তাদের অনেকেই এখন সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভে নেমে আসছে।
