উত্তর সাগরে যাত্রাবাহী ফেরিতে আগুন
ব্রিটেনের ইয়র্কশায়ার উপকূলের অদূরবর্তী উত্তর সাগরে আগুন ধরে যাওয়া একটি ফেরি থেকে বেশ কয়েকজন আহত যাত্রী ও ক্রু’কে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে এক যাত্রী ফেরিটিতে আগুন ধরিয়ে দেয় বলে ফেরিটির কর্মচারীদের বরাতে জানিয়েছে বিবিসি। সন্দেভাজনকে আটক করেছে ফেরিটির কর্মচারীরা।ফেরিটির পরিচালনা কোম্পানি ডিএফডিএস জানিয়েছে, “ধোঁয়া-জনিত আঘাতে” আহত এমএস কিং সিওয়েস ফেরির দুজন যাত্রী ও চারজন ক্রু’কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।৯শ’ ৪৬ জন যাত্রী ও ১শ’ ২৭ জন ক্রু নিয়ে ফেরিটি টাইনিসাইডের নর্থ শিল্ডস থেকে শনিবার সকালে রওয়ানা হয়েছিল।পুলিশ পরিদর্শক অ্যান্ড্রু ডিক্সন বলেছেন, “এক যাত্রী একটি কেবিনে আগুন লাগিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।”“এ ঘটনায়, আগুন লাগার পেছনে দায়ী বলে যাকে সন্দেহ করা হচ্ছে অথবা আগুন যে কেবিনে লেগেছিল- তা ইচ্ছাকৃত বা দূর্ঘটনাজনিত- ওই কেবিনের লোকটিকে জাহাজের কর্মচারীরা আটক করেছেন।”ডিএফডিএস জানিয়েছে, এই ঘটনায় সামান্য আহত ১৫ জন যাত্রী ও ৮ জন কর্মচারীকে জাহাজেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।কোম্পানিটি জানিয়েছে, শনিবার রাত পৌনে এগারোটার দিকে (বাংলাদেশ সময় ভোর পৌনে চারটা) আগুন লাগে, তবে ১৫ মিনিটের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়।
