তালেবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিলাওয়ালের
মা বেনজীর ভুট্টোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এক বক্তব্যে তালেবান জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
শুক্রবার গারহি খুদা বক্সে এ ভাষণে নিজের রাজনৈতিক কর্মকাণ্ডেরও যাত্রা ঘোষণা করেন বিলওয়াল।
দুই বোন আসিফা ও বখতাওয়ারও আগামী নির্বাচনের আগে প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত হবেন বলেও ইঙ্গিত দেন তিনি। ২০১৮ সালে পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বক্তব্যে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সমঝোতার চেষ্টা করায় সরকারের সমালোচনা করেন বিলওয়াল।
তালেবানের সঙ্গে সংলাপে বসার আগেই তাদের অস্ত্র জমা দেয়া, জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান দেয়ার বিষয়ে তাদের সম্মতি আসতে হবে বলেও মনে করেন তিনি।
তালেবান ইস্যুতে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নীতিরও কড়া সমালোচনা করেন বিলওয়াল ভুট্টো।
তিনি বলেন, লং মার্চ ও অবস্থান কর্মসূচির মাধ্যমে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার মতো জটিল বিষয়গুলোর সমাধান হবে না।
“এটা কোনো বাচ্চার ক্রিকেট খেলা নয় যে তা জাদুর ব্যাট দিয়ে সমাধান করা যাবে,” ইমরান খানকে উদ্দেশ্য করে বলেন তিনি।
গত ১১ মে অনুষ্ঠিতি পাকিস্তানের জাতীয় নির্বাচনে পিপিপির হারের পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন দলটির চেয়ারম্যান।
তিনি বলেন, ষড়যন্ত্র ও কারচুপির মাধ্যমে পিপিপিকে নির্বাচনে হারানো হয়েছে।
তবে পাকিস্তানের গণতন্ত্র নস্যাতের কোনো চক্রান্ত হলে তার বিরুদ্ধে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সরকারকে সমর্থন করবে বলে জানান তিনি।পাকিস্তানে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য বাবা ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ভূয়সী প্রশংসা করেন বিলওয়াল।
তিনি বলেন, সবাই যেটা অসম্ভব ভেবেছিল আসিফ আলী জারদারি তা করে দেখিয়েছেন।
বিলাওয়াল তার পুরো বক্তৃতায় কবিতার পাশাপাশি রাজনৈতিক স্লোগানের ব্যবহার করেন।“পিপিপি কোনো ভূস্বামী, শিল্পপতি, খেলোয়াড় বা মোল্লার দল নয়। বরং এটা জনগণের দল,” বলেন তিনি।
২০০৭ সালে এক নির্বাচনী সমাবেশে বন্দুক ও বোমা হামলায় নিহত হন বেনজির ভুট্টো। এরপর থেকে পিপিপির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বিলওয়াল।
