২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত সমাধি পরিদর্শন জাপানের প্রধানমন্ত্রীর

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের বিতর্কিত ইয়াসুকুনি সমাধিস্থল পরিদর্শন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 05:30 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

যুদ্ধে নিহত জাপানি সেনাদের পাশাপাশি কয়েকজন যুদ্ধাপরাধীও ইয়াসুকুনিতে সমাহিত থাকার কারণে এ সমাধিস্থলটি নিয়ে বিতর্ক আছে।

চীন এবং দক্ষিণ কোরিয়া এ সমাধিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টিতে জাপানি আগ্রাসণের প্রতীক হিসাবেই দেখে। যখন জাপান চীন এবং কোরিয়া উপদ্বীপের বিরাট একটা অংশ দখল করে নিয়েছিল।

গত ৭ বছরের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী হিসাবে আবেই প্রথম ইয়াসুকুনি সমাধিতে গেলেন।

যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে দেশের অঙ্গীকার সমুন্নত রাখার মানসেই এ সমাধি পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন তিনি। প্রতিবেশী দেশ চীন কিংবা দক্ষিণ কোরিয়ার অনুভূতিতে আঘাত করার কোনো অভিপ্রায় তার ছিল না বলেও দাবি করেছেন আবে।

কিন্তু চীন আবের এ সমাধি পরিদর্শন ‘কোনোভাবেই মেনে নেয়া যায় না’ বলে মন্তব্য করেছে। ওদিকে, সিউলও এ ঘটনায় ‘দুঃখ ও ক্ষোভ’ প্রকাশ করেছে।

টোকিও’য় যুক্তরাষ্ট্রের দূতাবাসও এক বিবৃতিতে এ ঘটনাকে ‘হতাশাজনক’ আখ্যা দিয়ে বলেছে, আবের এ পদক্ষেপে জাপানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর চলমান উত্তেজনা আরো বাড়বে।

পূর্ব চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধ চলছে।

এ পরিস্থিতির মধ্যে আবের ইয়াসুকুনি পরিদর্শনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়।

দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে আবের এ পদক্ষেপ বড় ধরনের রাজনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং এর সব ধরনের পরিণতির দায় জাপানকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কিন গাং।

২০০৬ সালে ইয়াসুকুনি সমাধি পরিদর্শন করেছিলেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি।

এবার শিনজো আবে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় সমাধিস্থলটি পরিদর্শন করলেন। বৃহস্পতিবার সকালে তিনি সমাধিস্থলে যান। তার উপস্থিতি টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

কর্মকর্তারা বলছেন, সরকারের প্রতিনিধি হিসাবে নয় বরং ব্যক্তিগত উদ্যোগে আবে সমাধি পরিদর্শন করেছেন।