২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 04:03 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

২ ফেব্রুয়ারির আগাম নির্বাচনকে সামনে রেখে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ঠেকাতে গেলে এ সংঘর্ষ হয়।

বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে পুলিশ। এর মধ্য দিয়ে দেশটিতে ২ সপ্তাহের শান্ত অবস্থার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হতে শুরু করেছে।

নির্বাচনী কর্মকর্তারা ব্যাংককের একটি স্টেডিয়ামে কাজ করার সময় প্রায় ৫শ’ বিক্ষোভকারী সেখানে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা নেয়। তবে সংঘর্ষে কেউ গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে থাইল্যান্ডে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মুখে ইংলাক সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিলেও বিক্ষোভকারীরা একটি ‘গণপরিষদ’ এর অধীনে নির্বাচন চাইছে।

সঙ্কট সমাধানে একটি স্বাধীন সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবও এরই মধ্যে দিয়েছেন ইংলাক। কিন্তু এ পরিষদ সরকার ঘেঁষাই হবে মন্তব্য করে বিক্ষোভকারীরা তাৎক্ষণিকভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।

ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে দেশের ক্ষমতায় আসেন। কিন্তু ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন অভিযোগে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছে বিরোধীরা।

পুরনো খবর:

সঙ্কট নিরসনে সংস্কার পরিকল্পনা থাই প্রধানমন্ত্রীর