২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট নিরসনে সংস্কার পরিকল্পনা থাই প্রধানমন্ত্রীর

থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে আসতে একটি স্বাধীন সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Dec 2013, 09:47 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

পার্লামেন্ট ভেঙে দিয়ে ২ ফেব্রুয়ারি আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার পরও সরকারের বিরুদ্ধে কয়েক সপ্তাহের প্রতিবাদ-বিক্ষভের পর বুধবার এ নতুন প্রস্তাব দিলেন ইংলাক।

টিভিতে এক ভাষণে তিনি বলেন, প্রস্তাবটি শিগগিরিই বাস্তবায়ন করা হতে পারে এবং এটি সরকারের হস্তক্ষেপ মুক্ত থাকবে।

ইংলাকের প্রস্তাবিত এ পরিকল্পনায় বিশিষ্ট ৪৯৯ জন থাইকে নিয়ে একটি পরিষদ গঠনের আহ্বান জানানো হয়েছে। ২ হাজার জনের একটি বৃহত্তর গোষ্ঠী এ পরিষদের সদস্যদের বাছাই করবে। এরপর পরিষদের সদস্যরা থাইল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থার সংস্কার বিচার-বিশ্লেষণ করে দেখবে।

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের নেতা সুদেপ থাগসুবান নির্বাচনের আগেই সরকারের জায়গায় যে ‘গণপরিষদ’ গঠনের দাবি জানাচ্ছেন ইংলাকের এ প্রস্তাবটি অনেকটা সেরকমই। তবে পার্থক্য হল এই যে, ইংলাকের প্রস্তাব অনুযায়ী গঠিত সংস্কার পরিষদ কাজ করবে নির্বাচিত একটি সরকারের পাশাপাশি।

দেশে সংস্কার সাধনের ব্যাপারে পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে নির্বাচিত নতুন সরকার। তবে পরিষদের কার্যক্রমে সরকারের কোনো প্রভাব থাকবে না এবং পরিষদ তার নিজস্ব গতিতে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ইংলাক।

কিন্তু বিক্ষোভকারীরা তাৎক্ষণিকভাবে তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিক্ষোভকারীদের এক নেতা তাভোম সেনিয়েম প্রস্তাবটি নাকচ করে দিয়ে বলেছেন, ইংলাক ৪৪৯ সদস্যের পরিষদে নিজেদের লোক ভরে দেয়ার চেষ্টা চালাবেন এবং পরিষদ মূলত সরকার পক্ষের সুবিধামতোই কাজ করবে, আপামর থাই জনগণের জন্য নয়।

ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে দেশের ক্ষমতায় আসেন। কিন্তু ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন অভিযোগে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছে বিরোধীরা।