চোরাচালানীদের চীন-হংকং সুড়ঙ্গ
চীনের মূল ভূখণ্ড থেকে হংকং পর্যন্ত একটি সুড়ঙ্গের খোঁজ পেয়েছে চীনা কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে চোরাকারবারীরা এটি তৈরি করেছে।
শেনঝেন শহরের কাছে একটি গ্যারেজের ভেতর এই সুড়ঙ্গটি তৈরি করা হয়। এটি একটি নদীর নিচ দিয়ে হংকং-এর দিকে ১৩০ ফুট পর্যন্ত খনন করা হয়েছিল। সুড়ঙ্গে আলোর ব্যবস্থা ছিল বলে বিবিসি জানিয়েছে।
মোবাইলফোন সেট ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি হংকং-এ পাচারের জন্যই এই সুড়ঙ্গ খনন করা হয়েছিল বলে চীনা কর্তৃপক্ষ ধারণা করছে। মূল ভূখণ্ডে চীনা পণ্যের যে মূল্য দেশটির আধা স্বায়ত্বশাসিত অঞ্চলগুলোতে সেসব পণ্যের মূল্য পৃথক।
এই সুড়ঙ্গের মাধ্যমে চোরাচালানীরা বর্ডার ফি ও ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ লাভ করতে পারতো।
গত সপ্তায় শেনঝেন শহরের বাইরে চেঙলিং গ্রামে এই সুড়ঙ্গটির খোঁজ পাওয়া যায়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, একনারী সুড়ঙ্গ খননকাজের সময় উচ্চশব্দের ব্যাপারে অভিযোগ জানিয়েছিল। আর এই অভিযোগের সূত্রধরেই সুড়ঙ্গের বিষয়টি ফাঁস হয়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সুড়ঙ্গটি তৈরি করতে প্রায় ৫ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ খরচ হয়েছে।
মূল ভূখণ্ড থেকে আর মাত্র ২০ মিটার সুড়ঙ্গ খনন করলেই হংকং-এর একটি গ্রামে প্রবেশ করা সম্ভব হতো।
মঙ্গলবার কর্তৃপক্ষ ওই সুড়ঙ্গটি ধ্বংস করে। এ ব্যাপারে এখনো পর্যন্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
