২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় সেনা-বিদ্রাহী সঙ্গে সংঘর্ষে নিহত ৭০

নাইজেরিয়ার সেনাবাহিনী বলেছে, ক্যামেরুনে পলায়নরত অন্তত ৫০ ইসলামপন্থি বিদ্রোহীকে হত্যা করেছে তারা। লড়াইয়ে নিহত হয়েছে ১৫ সেনা এবং ৫ বেসামরিক নাগরিকও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 10:24 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

এ লড়াইয়ে সেনাবাহিনী গত শুক্রবারের বামা হামলায় জড়িত বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়ে ২০ টি যান ধ্বংস করেছে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জেনারেল ক্রিস ওলুকোলাদে।

তিনি বলেন, “বেশ কিছু সংখ্যক বিদ্রোহী বুলেটের আঘাত নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও কয়েকজন ধরা পড়েছে। অভিযানে স্থল সেনাদের সঙ্গে গুলিবিনিময়ে ৫০ জনেরও বেশি বিদ্রোহী মারা পড়েছে।”

গত কয়েকদিনে গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান জোরদার করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। বোকো হারাম জঙ্গি গোষ্ঠী গত শুক্রবার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বামা’র সেনা ব্যারাকে হামলা চালানোর পর অভিযান জোরদার করা হয়।

লড়াইয়ে বিদ্রোহী নিহতের সংখ্যা বরাবরই বাড়িয়ে বলে থাকে সেনাবাহিনী। সোমবার ক্যামেরুন সীমান্তের কাছে লড়াইয়ে সেনাবাহিনী নিহতের যে সংখ্যা উল্লেখ করেছে তা তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।

বোকো হারাম ২০০৯ সালে তৎপরতা শুরুর পর থেকে নাইজেরিয়ায় সহিংসতায় বহু মানুষের মৃত্যু হয়েছে। গত কয়েকটি মাস ছিল আরো বেশি সহিংসতাপূর্ণ। গত অগাস্ট থেকে বিদ্রোহীদের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে শত শত মানুষ।