নিরাপত্তা নিয়ে শঙ্কায় স্থগিত মুশাররফের বিচার
দেশদ্রোহের অভিযোগে পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের বিচার নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে আপাতত স্থগিত করা হয়েছে।
ইসলামাবাদে মুশাররফের আদালতে যাওয়ার পথে বিস্ফোরকের সন্ধান পাওয়ার পর তার বিচার পিছিয়ে দেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।
দেশদ্রোহের মামলায় শুনানির জন্য ২৪ ডিসেম্বরে তার বিশেষ আদালতে হাজির হওয়ার কথা ছিল। পরিবর্তীত সময়সূচি অনুযায়ী এখন এ শুনানি অনুষ্ঠিত হবে ১ জানুয়ারিতে।
পাকিস্তানে ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি করে মুশাররফ সংবিধান লঙ্ঘন করেছিলেন অভিযোগে তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছে সরকার। বিচারে দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ডও হতে পারে।
অন্য আরো কয়েকটি মামলায় জামিন পেয়েছেন মুশাররফ। তার বিরুদ্ধে আনা সব অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
মুশাররফ অতীতে দু’বার জঙ্গি হামলা শিকার হন। এ বছরের শুরুতে পাকিস্তানের তালেবানরা তাকে হামলার প্রধান লক্ষ্য বলেও জানিয়ে দেয়। গত মাসে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে হুমকির কারণে তিনি নিজের বাসভবন ছেড়েও বের হননি।
ফলে তার নিরাপত্তার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে আছে সবসময়ই। তবে আদালতে যাওয়ার পথে বোমা পাওয়ার ঘটনাটি তার বিচার বানচালের চেষ্টাও হতে পারে বলে জল্পনা রয়েছে।
মুশাররফের আগে পাকিস্তানের কোনো সেনাপ্রধানেরই দেশদ্রোহের অভিযোগে বিচার হয়নি।
মুশাররফের আইনজীবীরা বলছেন, ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থান ঘটিয়ে নওয়াজ শরীফকে উৎখাতের প্রতিশোধ নিতেই তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
ইসলামাবাদ থেকে বিবিসি’র এক সংবাদদাতাও বলছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশের অর্থনৈতিক সংগ্রাম, জাতিগত সংঘর্ষ ও অন্যান্য হামলার মতো নানা সমস্যা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে এ বিচারের ওপর গুরুত্ব দিচ্ছেন।
১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাসীন হওয়ার পর ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানে শাসন পরিচালনা করেন মুশাররফ। পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার মুশাররফকে পদত্যাগে বাধ্য করে। এরপরই নির্বাসনে চলে যান তিনি।
এ বছর মার্চে পাকিস্তানে নির্বাচনে অংশ নিতে দেশে ফেরেন মুশাররফ। কিন্তু তার বিরুদ্ধে নানা মামলার কারণে তাকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হয়।
