‘আলেপ্পোয় সপ্তাহব্যাপী বোমাবর্ষণে নিহত ৩ শতাধিক’
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো ও আশপাশের শহরগুলোয় সরকারি বাহিনীর সপ্তাহব্যাপী বোমাবষর্ণে ৩ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক গোষ্ঠী।
নারী ও শিশুসহ নিহত এসব মানুষের অধিকাংশই হেলিকপ্টার থেকে নিক্ষিপ্ত ‘ব্যারেল বোমা’র বিস্ফোরণে নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে দেশটির সরকারবিরোধী গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস।
সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৮ মাস ধরে তারা দেশের বৃহত্তম শহর আলেপ্পো ও এর আশপাশ দখল করে রাখা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।
কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বিশেষভাবে তৈরি ব্যারেল বোমা ব্যবহারের নিন্দা জানিয়েছে। তেলের ড্রাম বা সিলিন্ডারের ভেতর বিস্ফোরক ভরে এসব বোমা বানানো হয়, যার মধ্যে বিস্ফোরকের পাশাপাশি ধাতুর টুকরাও ব্যবহার করা হয়।
প্রায়ই এগুলো বিমান বা হেলিকপ্টারের পেছনের মাল রাখার স্থান থেকে নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির না করেই ফেলে দেয়া হয়। এতে ব্যাপক প্রাণহানী ঘটে ও সম্পদ ধ্বংস হয়।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আব্দেল রহমান জানিয়েছেন, আলেপ্পোতে ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এসব হামলায় ৩শ’ একজন নিহত হয়েছেন, এদের মধ্যে ৮৭ শিশু ও ৩০ জন নারী রয়েছেন।
চলমান বোমাহামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, “গত সপ্তাহজুড়ে আলেপ্পোর বেসামরিক নাগরিকদের ওপর সিরিয়ার সরকারি বাহিনীর আকাশ হামলা এবং স্কাড মিসাইল ও ব্যারেল বোমার নির্বিচার ব্যবহারের নিন্দা জানাচ্ছি আমরা।”
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহীদের গত আড়াই বছরের গৃহযুদ্ধে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহী দখলকৃত এলাকায় সরকারি বাহিনী প্রায়ই আকাশ হামলা চালিয়ে থাকে।
২০১২’র গ্রীষ্মকাল থেকে দেশটির আলেপ্পো প্রদেশের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল দখল করে রেখেছে বিদ্রোহীরা। এরপর থেকে সরকারি বাহিনী এলাকটি পুনরুদ্ধারে বারবার হামলা চালিয়ে আসলেও সফলকাম হতে পারেনি।
