মিশরে নিরাপত্তা ভবনে গাড়িবোমায় নিহত ১৪
মিশরের উত্তরাঞ্চলীয় ঢাকালিয়ার নিল ডেল্টা শহরে নিরাপত্তা বাহিনীর ভবনে গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৪ জন নিহত ও ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১২ জন পুলিশ সদস্য।
মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তা ও সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে। হামলায় গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
দেশটির নতুন সংবিধানের ওপর অনুষ্ঠিতব্য ভোটের মাস খানেক আগে এ ঘটনা ঘটল।
মিশরের সেনাসমর্থিত সরকারের মন্ত্রিসভার মুখপাত্র শেরিফ শাকি এ হামলার জন্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির মুসলিম ব্রাদারহুড গোষ্ঠীকে দায়ী করেন।
এই গোষ্ঠীটিকে প্রধামন্ত্রী হাজেম এল বেলায়ি সরকারিভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দিয়েছেন।
রয়টার্স বিস্ফোরণে অন্ততপক্ষে ১৪ জন নিহত হওয়ার কথা জানায়। শহরটির ইতিহাসে এটি সবচেয়ে জঘণ্য হামলা। আহতদের মধ্যে দুইজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। এছাড়া, বিস্ফোরণে ভবনটির একটি অংশ ধসে পড়েছে বলেও জানা গেছে।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
চলতি বছরের জুলাইয়ে সেনাবাহিনী মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটির পুলিশ ও সেনাদের ওপর হামলা বাড়ছে।
প্রবল গণবিক্ষোভের মুখে মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর তাদের সমর্থিত সরকার দেশ পরিচালনা করছে।
বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে সেনাবাহিনী একটি রাজনৈতিক রোডম্যাপ নির্ধারণ করে। এরই ধারাবাহিকতায় নতুন সংবিধানের ওপর ২০১৪ সালের মধ্যজানুয়ারি মিশরে গণভোট হওযার কথা রয়েছে।
আর ওই গণভোটের ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হবে।
