সিঙ্গাপুরে বাড়ছে দরিদ্র মানুষ
দিন দিন ধনী হচ্ছে সিঙ্গাপুর। শক্তিশালী হচ্ছে দেশটির অর্থনীতি, শক্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে। কিন্তু দেশটির মোট জনসংখ্যার একটি বড় অংশ এর সঙ্গে তাল মেলাতে না পেরে পেছনে পড়ে থাকছে।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি সিঙ্গাপুরে দারিদ্রসীমায় বসবাসকারী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।
৫৪ বছর বয়সী পিটার সিঙ্গাপুরের লুকিয়ে থাকা এই সমস্যার একজন শিকার। গ্লুকোমায় আক্রান্ত পিটার একটি শপিং মলে নিরাপত্তা প্রহরীর কাজ করেন।
১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পর থেকে যে দল দেশটি পরিচালনা করছে তারা সবসময় আত্মনির্ভরশীলতার উপকারিতা প্রচার করে এসেছে। কিন্তু অনেকের জন্য তাদের আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় অনেক বেশি।
পিটারের আশঙ্কা তিনি তার গ্লুকোমার চিকিৎসা ব্যয় বহন করতে পারবেন না, যা তাকে অন্ধত্বের দিকে ঠেলে দিচ্ছে। যদিও তিনি অস্ত্রোপচারের ক্ষেত্রে ভর্তুকিসহ রাষ্ট্রের দেয়া অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
তিনি বলেন, তার চিকিৎসার জন্য চার হাজার সিঙ্গাপুরিয়ান ডলারের বেশি খরচ হবে। কিন্তু তিনি রাষ্ট্রের দেয়া তার হেল্থকার্ড সেবা থেকে সর্বোচ্চ ১৭০০ সিঙ্গাপুরিয়ান ডলার পাবেন।
গ্লিটজি অর্চার্ড রোড এলাকার ওই শপিংমলে কাজ করে মাসে ১৬০০ সিঙ্গাপুরিয়ান ডলার আয় করেন মালিকপক্ষের নিষেধের কারণে পুরো নাম প্রকাশে অনিচ্ছুক পিটার।
তার আয়ের অর্ধেক চলে যায় ঋণ পরিশোধে। দুই বছর আগে পিটারের স্ত্রীর পায়ের গোড়ালি ভেঙ্গে গেলে তার চিকিৎসার জন্য পিটারকে ২০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার ঋণ করতে হয়েছিল।
এছাড়া একটি হাউজিং ব্লকে তাদের ছোট্ট ফ্লাটের কিস্তিও এখনো তাদের পরিশোধ করতে হচ্ছে।
বিষন্ন মুখে পিটার বলেন, “আমাদের কোনো সঞ্চয় নেই।“
২০০২ সাল থেকে ২০১১ সালের তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা গেছে সিঙ্গাপুরে সবধরণের স্বাস্থ্যখরচের এক তৃতীয়াংশেরও কম সরকার দেয়। যেখানে উন্নত দেশগুলোর সরকার ৬০ থেকে ৭০ শতাংশ দেয়।
জীবনযাত্রার অত্যাধিক ব্যয়ে বাড়তে থাকা অস্বস্তির কারণে অনেক ভোটার এখন সিঙ্গাপুরে বসবাসের আরাম আর পাচ্ছে না। তাই তারা পিপুলস অ্যাকশন পার্টি (পিএপি) কে নতুন করে তাদের লক্ষ্য ঠিক করতে বলছেন।
এ মাসের বৈঠকে বর্তমান ক্ষমতাশীন দল ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো নতুন সমাধানের পথ ঘোষণা করেছে। তারা সবার জীবনযাত্রার মান উন্নত করার প্রতীজ্ঞা করেছে। সেই সঙ্গে উন্নত কর্মক্ষেত্র তৈরি ও সাশ্রয়ী মূল্যে হেল্থকার্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
সমাজ ও পরিবার উন্নয়ন মন্ত্রী চ্যাং চুং সিং বলেন, সেসব নাগরিক চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তাদের সাহায্য করার জন্য সরকার প্রস্তুত। কিন্তু তাদের অনেকেই সরকার থেকে তাদের জন্য দেয়া সমর্থনের ব্যাপারে অজ্ঞ।
