যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ধারণা নাকচ আরব লীগের
ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ব সীমান্তে ইসরায়েলি সেনাদের অবস্থানের অনুমতি দেয়ার যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছিলো তা নাকচ করে দিয়েছে আরব লীগ।
এর ফলে এপ্রিলের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর যুক্তরাষ্ট্রের চেষ্টা একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শনিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ডাকা এক জরুরি বৈঠকে আরব লীগের মহাসচিব নাবিল ইলারাবি বলেছেন, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে একজনও ইসরাইলের সৈন্য থাকতে পারবে না।
আরব লীগের বৈঠকের পর গৃহীত একটি ঘোষণায় বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রস্তাবের মাধ্যমে ইসরাইলের নিরাপত্তা সম্প্রসারণের চাহিদা পূরণ করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তার অজুহাতে ইসরাইল যাতে জর্ডান ভ্যালি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে সেটাও নিশ্চিত করা হয়েছে।”
আগামী আরো ১০ বছর ইসরাইলের সেনাবাহিনী যাতে জর্ডান ভ্যালিতে থাকতে পারে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিস্তারিত ফিলিস্তিন সূত্রগুলো বৈঠকে তুলে ধরে।
এদিকে ইসরাইল জানিয়েছে, পশ্চিমতীরে অস্ত্র ও জঙ্গি প্রবেশ ঠেকাতে জর্ডান ভ্যালিতে তাদের সৈন্য থাকতে হবে।
আব্বাস জর্ডান ভ্যালিতে ইসরাইলের সেনা অবস্থানের পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। তবে আব্বাস এটাও বলেছেন যে, যুক্তরাষ্ট্র সেখানে তাদের সেনা পাঠালে তিনি তা মেনে নেবেন।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, নিরাপত্তা আয়োজন নিয়ে যুক্তরাষ্ট্র “কিছু পরিকল্পনা” উপস্থাপন করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তিন বছর পর জুলাই থেকে আবারো সরাসরি শান্তি আলোচনা শুরু করেছে ফিলিস্তিন ও ইসরাইল। তবে এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোনো অগ্রগতি হয়নি।
