মোজাম্বিকের বিমান দুর্ঘটনা চালকের ‘ইচ্ছাকৃত’
গত মাসে নামিবিয়ায় বিধ্বস্ত মোজাম্বিকের যাত্রীবাহি বিমানটির চালক নিজে সচেতনভাবে দুর্ঘটনাটি ঘটিয়েছেন বলে মনে করে মোজাম্বিকের বেসামরিক বিমান চলাচল সংস্থা।
প্রাথমকি তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সংস্থাটির প্রধান জোয়াও আব্রিউ এ কথা জানান।
মোজাম্বিক এয়ারলাইনের টিএম৪৭০ ফ্লাইটটি ২৯ নভেম্বর দেশটির রাজধানী মাপুতো ছেড়ে অ্যাঙ্গোলার উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু পথিমধ্যে নামিবিয়ায় বিধ্বস্ত হয়। এতে বিমানের ৩৩ জন আরোহীর সবাই নিহত হন।
আব্রিউ বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত করার জন্য চালক সচেতনভাবে একের পর এক নিজের ইচ্ছামতো কাজ করেছেন।”
দুর্ঘটনা বিষয়ে তদন্ত এখনো অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।
তবে কী উদ্দেশ্যে চালক হারমিনো দো সান্তোস ফার্নান্দেজ এ ধরনের একটি কাজ করলেন সে বিষয়ে নিজের ভাবনা প্রকাশ করেননি আব্রিউ।
তিনি জানান, ফার্নান্দেজ বিপদজ্ঞাপক শব্দগুলো অগ্রাহ্য করেন এবং বিমানটির ককপিটের দরজায় বারবার আঘাত করেন যার শব্দ বিমানের উদ্ধার করা রেকর্ডার থেকে পাওয়া গেছে।
বিধ্বস্ত বিমানটি মোজাম্বিক এয়ারলাইনের নতুন বিমানগুলোর অন্যতম ছিল।
