২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার বেনগাজিতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৬

লিবিয়ার বেনগাজি শহরের বাইরে একটি সেনা ঘাঁটির সামনে এক আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Dec 2013, 11:56 AM

Updated : 23 Aug 2022, 07:31 PM

রোববার ভোরে বেনগাজি শহর থেকে ৫০ কিলোমিটার দূরের বারসিস সেনা ঘাঁটির সামনে গাড়ির ভিতরে থাকা হামলাকারী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়।

নিহতদের সবাই সেনা সদস্য বলে জানিয়েছে বেনগাজির মেডিকেল সূত্রগুলো। তবে সেনা সূত্রগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে হামলাকারী নিজেও আছেন।

গত কয়েক মাস ধরেই লিবিয়ার পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর বেনগাজিতে বোমা হামলা চালিয়ে ও গুলি করে পুলিশ ও সেনা কর্মকর্তাদের হত্যা করা হচ্ছে। এসব ঘটনায় শহরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

গত বছর শহরটিতে মার্কিন কন্স্যুলেট দপ্তরে উগ্রবাদীদের হামলায় মার্কিন রাষ্ট্রদূত নিহত হওয়ার পর থেকে অধিকাংশ দেশ এখান থেকে তাদের কূটনীতিক মিশন গুটিয়ে নিয়েছে। বিদেশী কিছু বিমান সংস্থা শহরটিতে তাদের ফ্লাইট পরিচালনাও বন্ধ রেখেছে।

এদিকে, বিচ্ছিন্ন আরেকটি ঘটনায় দক্ষিণপূর্বের আঞ্চলিক জালো জাতির লোকেরা স্থানীয় হাসপাতালে নিহত পাঁচ সেনার লাশ রেখে যায়। দুই আগে এক সংঘর্ষে এসব সেনা সদস্য নিহত হয় বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

লিবিয়ার নিহত সাবেক একনায়ক গাদ্দাফির উৎখাতের পর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। গাদ্দাফির শাসনের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহীরা অস্ত্র জমা না দিয়ে বিভিন্ন বাহিনী গঠণ করে দেশটির বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করছে।