উগান্ডায় সমকামিতায় যাবজ্জীবন দণ্ডের বিধান
সমকামী আচরণের জন্য কঠোর শাস্তির বিধান রেখে উগান্ডার পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে, যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির বিধানও রাখা হয়েছে।
ছুটি কাটাতে আসা মানুষ এবং বিদেশি ভ্রমণকারীরাও এই আইনের আওতায় পড়বেন বলে বিবিসি জানিয়েছে।
যদিও বিরোধীদলীয় সদস্যদের প্রস্তাব করা প্রকৃত বিলে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন- যদি কোনো সংখ্যালঘু জড়িত থাকে বা অপরাধী যদি এইচআইভি পজেটিভ হয় তবে মৃত্যুদণ্ডের শাস্তির প্রস্তাব রাখা হয়েছিল।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী আমামা এমবাবাজি এই ভোটের বিরোধিতা করে বলেন, ভোটের সময় পর্যাপ্ত আইনপ্রণেতা উপস্থিত ছিলেন না।
২০০৯ সাল থেকে বিলটি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর বিশ্ব নেতারা এর নিন্দা জানিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একে ‘ঘৃণ্য’ বলে আখ্যায়িত করেছেন।
রাজধানী কামপালা থেকে বিবিসির প্রতিনিধি ক্যাথেরিন বিয়ারুহাঙ্গা জানান, উগান্ডা সরকার জানে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হৈচৈ পড়ে যাবে। এমন কি কিছু কিছু দেশ উগান্ডায় সাহায্য পাঠানোও বন্ধ করে দিতে পারে।
কোরামের অভাব ছিল এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রী এমবাবাজিও বিলটির বিপক্ষে অবস্থান নিতে পারেন বলে জানিয়েছেন ক্যাথেরিন। এখন দেখার বিষয় হলো বিলটিতে সই করে প্রেসিডেন্ট ইওউইরি মুসেভেনি এটাকে আইনে পরিণত করেন কিনা।
এই বিলের পক্ষে থাকা আইনপ্রণেতা ডেভিড বাহাতি এএফপিকে বলেন, “এটা উগান্ডার জন্য বিশাল বিজয়। আমি দারুণ আনন্দিত যে সংসদ শয়তানের বিরুদ্ধে ভোট দিয়েছে।“
“কারণ আমরা ঈশ্বরে-ভয় পাওয়া জাতি এবং আমরা পবিত্র পথে জীবনের মূল্যবোধকে বিচার করি। এই মূল্যবোধের কারণেই সংসদ সদস্যরা বাইরে বিশ্ব কি ভাবছে সেটা নিয়ে কোনো রকম দু:শ্চিন্তা না করে বিলটি পাস করেছে।“
এই বিলে সমকামীতার প্রচার-প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে উগান্ডার সমকামীকর্মী ফ্রাঙ্ক মুগিশা ভোটের পর বলেন, “আমি এখন আনুষ্ঠানিকভাবে অবৈধ।“
মানবাধিকারকর্মীরা বলেন, এই বিলের মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হল উগান্ডায় সমকামীদের কি ধরণের নির্যাতন ও দমনের মুখোমুখি হতে হয়।
আবার বিলের সমর্থনকারীরা বলেন, ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধকে রক্ষা করতে এর প্রয়োজন ছিল। পশ্চিমা সংস্কৃতিতে অনুপ্রাণিত সমকামী দলগুলোর কারণে পারিবারিক মূল্যবোধ হুমকির মুখে ছিল।
উগান্ডা সামাজিকভাবে রক্ষণশীল একটি দেশ। বৃহস্পতিবার দেশটির সংসদে পর্ণোগ্রাফি বিরোধী একটি বিলও পাস হয়। ওই বিলে মিনিস্কার্ট এবং যৌন ইঙ্গিতপূর্ণ উপাদান যেমন কিছু মিউজিক ভিডিও নিষিদ্ধ করা হয়েছে।
