ইরাকে বোমা ও গুলিতে নিহত ১৪
ইরাকের উত্তরাঞ্চলে বোমা হামলা ও গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবারের ওই হামলাগুলোর পেছনে কারা রয়েছে তা এখনো পরিষ্কার নয়।
তবে আল কায়েদাসংশ্লিষ্ট সুন্নি ইসলামপন্থী জঙ্গিরা ইরাকে নিজেদের অবস্থান ফিরে পেতে সম্প্রতি এ ধরনের বেশকিছু হামলা চালিয়েছে।
এইসব হামলার মাধ্যমে তারা দেশটির শিয়া নেতৃত্বাধীন সরকারকে চাপে ফেলতে চাইছে।
পুলিশ জানায়, রাজধানী বাগদাদ থেকে ১৭০ কিলোমিটার উত্তরে বিক্ষুব্ধ শহর তুজ খুরমাতোতে গৃহপালিত পশু বিক্রির হাটের পাশে রাস্তায় দুইটি বোমা বিস্ফোরণে নয় জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।
এছাড়া উত্তরাঞ্চলের শহর হাউইজাতে পাশাপাশি দুইটি বাড়িতে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। এতে দুই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। জঙ্গিরা চলে যাওয়ার সময় ভবনগুলো লক্ষ করে বোমার বিস্ফোরণও ঘটায় বলে জানায় পুলিশ।
কিরকুক নগরের কাছে অবস্থিত হাউইজায় নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য গত কয়েকমাস ধরে অন্যান্য দলের সঙ্গে লড়াই করছে সুন্নি জঙ্গিরা। তারা অন্যান্য দলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।
কিরকুকের স্থানীয় কর্মকর্তাদের বিশ্বাস হাউইজার হামলা ওই সংঘর্ষেরই অংশ।
আসছে সপ্তাহে শিয়াদের পবিত্র দিন ‘আরবাইন’ পালিত হবে। মাঝের কয়েক দিনে সুন্নি জঙ্গিরা আরো বেশি হামলা চালাতে পারে বলে ধারণা করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী।
এর আগে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন। হামলাকারীদের লক্ষ্য ছিল শিয়া তীর্থযাত্রীরা।
