২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিন প্রতিদ্বন্দ্বী খোদোরকভস্কি মুক্তি পেয়ে বার্লিনে

মুক্তি পেয়েই জার্মানির রাজধানী বার্লিন চলে গেছেন সাবেক রুশ ধনকুবের মিখাইল খোদোরকভস্কি। পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার আকাঙ্খা থেকেই সেখানে গিয়েছেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Dec 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

এক দশক বন্দি জীবন কাটানোর পর রুশ প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণায় শুক্রবার তিনি মুক্তি পান।

এক দশক আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি। তাকে পুতিনের বিরুদ্ধে সবচেয়ে ক্ষমতাবান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হতো।

কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আসীন পুতিনের সঙ্গে বেশিদিন প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে নিতে পারেননি তিনি। তাকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে কারাগারে পুরে দেয়া হয়।

এক দশক কারাবাসের পর বৃহস্পতিবার হঠাৎ করেই প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতার আওতায় তাকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন। তার এই ঘোষণায় বিস্মিত হয় রুশবাসী।

অসুস্থ মায়ের জন্য ‘মানবিক কারণে’ খোদোরকভস্কিকে মুক্তি দেয়া হয়েছে বলে জানান পুতিন।

মুক্তি পাওয়ার পর এক ঘন্টার মধ্যেই একটি ব্যক্তিগত বিমানে তিনি বার্লিন যান। এক সময় রাশিয়ার সবচেয়ে ধনী ৫০ বছর বয়সী খোদোরকভস্কিকে এ সময় বেশ ম্লান ও শুকনো দেখাচ্ছিল। তবে বার্লিনে অপেক্ষমাণ শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে তাকে সুখীও দেখাচ্ছিল।

বার্লিনে পৌঁছে এক বিবৃতিতে তিনি ক্ষমা প্রর্থনার কথা নিশ্চিত করেছেন, তবে অপরাধ স্বীকার করেননি বলেও দাবি করেছেন।

তিনি বলেন, “পারিবারিক পরিস্থিতিগত কারণে আমি ১২ নভেম্বর রাশিয়ার প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা করি। তবে এখানে অপরাধ স্বীকার করার কোনো ইস্যু ছিল না।”


পুতিনের মুখপাত্র জানিয়েছেন, খোদোরকভস্কির কাছ থেকে দুটি চিঠি পেয়েছিলেন পুতিন। একটি দীর্ঘ ব্যক্তিগত চিঠি ও অপরটি ক্ষমা ভিক্ষার আনুষ্ঠানিক আবেদন।

খোদোরকভস্কিকে বিনাশর্তে মুক্তি দেয়া হয়েছে এবং চাইলেই যে কোনো সময় রাশিয়া ফিরতে পারবেন বলে জানিয়েছেন তিনি।