২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিক বিরোধে ক্ষোভ বাড়ছে ভারতে

দেবযানীকে নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিরোধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ভারতে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Dec 2013, 10:42 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

দেবযানীর ব্যাপারে অবস্থান পাল্টাবে না যুক্তরাষ্ট্র

বিক্ষুব্ধ ভারতীয়রা শুক্রবার মুম্বাইয়ের শহরতলীতে মার্কিন রেস্তোঁরা ‘ডোমিনোস পিৎজা’য় চড়াও হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের দাবি তুলেছে তারা।

ভারতের ছোট্ট দল ‘রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া’র কর্মীরা দোকানটিতে হামলে পড়ে। কাঁচ ভাঙা দরজার একটি ছবিও গণমাধ্যমগুলোকে পাঠায় তারা। তবে হামলার ঘটনায় অপ্রীতিকর কিছু ঘটেনি বলে জানিয়েছে স্থানীয়রা।

তারপরও এ ঘটনার পর মুম্বাই পুলিশ ম্যাকডোনালসসহ অন্যান্য বড় মার্কিন স্টোরগুলোতে টহল জোরদার করছে বলে জানিয়েছে।

ওদিকে, হায়দ্রাবাদের মার্কিন কনস্যুলেটেও বিক্ষোভকারীরা শুক্রবার দ্বিতীয় দিনের মতো জড়ো হয়ে শ্লোগান দিয়ে বিক্ষোভ করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

ভারতের একজন কূটনীতিকের সঙ্গে যুক্তরাষ্ট্র সাধারণ অপরাধীর মতো আচরণ করার কারণেই এ ক্ষোভ।

কিন্তু বিশ্লেষকরা বলছেন, ভারতে আগামী বছরের নির্বাচনের জন্য প্রস্তুতির মধ্যে থাকা রাজনৈতিক দলগুলোর কোনোটিই সুপারপাওয়ার যুক্তরাষ্ট্রের সামনে নিজেদেরকে দুর্বল প্রতীয়মাণ করতে না চাওয়ার কারণে এতটা তীব্র ক্ষোভ দেখাচ্ছে।

দেবযানী খোবরাগাড়ে কাণ্ডে অনড় অবস্থানই বজায় রেখেছে মার্কিন প্রশাসন। অন্য দিকে ভারতও নিজ অবস্থানে অটল থাকায় অচলাবস্থা কাটছেনা।

নিঃশর্ত ক্ষমা এবং মামলা প্রত্যাহার— ভারতের এ দুটি দাবিই কার্যত উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এ ধরনের অভিযোগ গুরুতর। পিছু হঠার প্রশ্ন নেই। আইন আইনের পথে চলবে।’

ওদিকে অনড় অবস্থান বজায় রেখে ভারতও শুক্রবার বলেছে, কোনও রকম টালবাহানা নয়, ক্ষমা চাইতেই হবে যুক্তরাষ্ট্রকে।

ভিসার আবেদনে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে ১২ ডিসেম্বরে নিউ ইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে গ্রেপ্তারের পর তাকে হেনস্তার ঘটনা প্রকাশ পেলে ক্ষুব্ধ হয় ভারত সরকার। ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিরোধ তুঙ্গে ওঠে।

দেবযানীকে নিউ ইয়র্কে বিবস্ত্র করে তল্লাশির পর কারাগারে পাঠানোর ঘটনায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শেষ পর্যন্ত ‘দুঃখ প্রকাশ’ করেন।

কিন্তু এতে সন্তুষ্ট নয় ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ বলেছেন, দেবযানীর সঙ্গে একজন সাধারণ অপরাধীর মতো আচরণ করা হয়েছে। আর তাই তার বিরুদ্ধে কোনো মামলা থাকাটাও মেনে নেয়া যায় না।