কলকাতায়ও মার্কিন কূটনীতিকদের বিশেষ সুবিধা বন্ধ
নয়াদিল্লির বার্তা পেয়ে কলকাতায়ও আপাতত বন্ধ হয়েছে মার্কিন দূতাবাস-কর্মকর্তাদের বিশেষ সুযোগ-সুবিধা ।
দেবযানী খোবরাগাড়েকে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত সরকারের বিরোধে এভাবে যোগ হল রাজ্যও।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লি যেসব পদক্ষেপ এরই মধ্যে নিয়েছে, রাজ্যের কাছে সেই সংক্রান্ত প্রায় সব নির্দেশই পাঠানো হয়েছে দিল্লি থেকে। দিল্লিতে মার্কিন দূতাবাসের সামনের নিরাপত্তা বেষ্টনী সরানো হয়েছে। কলকাতায় অবশ্য তা হয়নি।
নির্দেশ পাওয়ার পর দিল্লির মতোই রাজ্য এবার দূতাবাসে চাকরিরত ভারতীয়দের বেতনের স্লিপ, পরিচালকদের বেতন সম্পর্কিত তথ্য জানতে চাইতে পারবে। তলব করতে পারবে মার্কিন কূটনীতিক, কর্মী ও পরিবারের পরিচয়পত্র। বাতিল হবে উপ-দূতাবাসের সামনে গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধাও। যদিও কলকাতা পুলিশের একটি সূত্র জানিয়েছে, সেখানে উপ-দূতাবাসের সামনে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। তাই সুবিধা বাতিলেরও প্রশ্ন নেই।
আনন্দবাজার পত্রিকা জানায়, নির্দেশ এসেছে কলকাতা বিমানবন্দরেও। তাতে বলা হয়েছে, আপাতত বাতিল করতে হবে দূতাবাস কর্তাদের বিশেষ ‘প্রোটোকল পাস’। সেখানেও পার্কিংয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন না মার্কিন উপ-দূতাবাস কর্মকর্তারা।
পাস তুলে নেয়ার পর আর পাঁচজন সাধারণ যাত্রীর মতোই বিমানবন্দরে ঠিক সময়ে পৌঁছতে হবে কূটনীতিকদের। গাড়িও রাখতে হবে সাধারণের যাত্রীদের জায়গায়।লাইন দিয়ে বোর্ডিং পাস সংগ্রহ থেকে যাবতীয় কাজ নিজেকেই সারতে হবে।
কূটনৈতিক মহলের লোকজনরা অবশ্য বলছেন, এ সিদ্ধান্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই। এটি বরং দূতাবাসের কর্মকর্তাদের সম্মানহানি বলা যেতে পারে।
“দিল্লি আসলে এভাবে ওয়াশিংটনের উপরে চাপ তৈরি করতে চাইছে। বোঝাতে চাইছে, ভারতের কূটনীতিকদের সঙ্গে অনুচিত ব্যবহার করা হলে এভাবেই পাল্টা প্রতিবাদ জানানো হবে”, বলছেন, কূটনীতি বিশেষজ্ঞরা।
চাপ বাড়াতে সুযোগ-সুবিধা তুলে নিলেও নিরাপত্তার বিষয়টিতে অবশ্য সতর্ক রয়েছে ভারত সরকার।
যুক্তরাষ্ট্রও বলেছে, তারা আশা করে ভিয়েনা কনভেনশন মেনেই নিরাপত্তার দিকটি সুরক্ষিত রাখবে ভারত। আর ভারতের কেন্দ্রীয় সরকারও বুঝিয়ে দিয়েছে যে, তারা এ ব্যাপারে কোনো ঝুঁকি নেবে না।
