২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে লোকপাল বিল পাস

দুর্নীতিবিরোধী আন্দোলনকারী আন্না হাজারের নতুন অনশন ধর্মঘটের মুখে ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাস হয়েছে বহুল আলোচিত লোকপাল বিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

মঙ্গলবার লোকপাল বিল নামে পরিচিত নতুন দুর্নীতিবিরোধী এ আইনটি পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাসের পর বুধবার লোকসভায় পাস হয়।

এখন বিলটি প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে বিবিসি।

লোকপাল বিল পাসের খবর শোনার পরই ৯ দিনের অনশন ভেঙেছেন আন্না হাজারে। বিলটি পাস করার জন্য সমর্থনকারী সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তার অনশন ধর্মঘটের মুখেই লোকপাল বিল নিয়ে ৪ ঘন্টার বিতর্ক হয় লোকসভায়।

এরপর এক ঘন্টারও কম সময়য়ের মধ্যে ক্ষমতাসীন দল কংগ্রেস, প্রধান বিরোধী দল বিজেপি এবং অন্যান্য শরিক দলের সমর্থনে বিলটি পাস হয়। যদিও সমাজবাদী পার্টি এবং শিব সেনা সাংসদরা বিলের বিরোধিতা করে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।

বিল পাসের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, “লোকপাল বিল পাস কেন্দ্রীয় সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ।”

তবে দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্য শুধু লোকপাল বিলই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সহ-সভাপতি রহুল গান্ধী।

আন্না হাজারের আন্দোলনের পাশাপাশি ফেইসবুকে লোকপাল বিলের দাবিতে সরকারের ওপর সাধারণ মানুষের চাপ বাড়তে থাকলে এ বিল পাসের জন্য চাপ প্রয়োগ করেছিলেন রাহুল গান্ধীও।

হাজারের ১২ দিনের টানা অনশন ২০১১ সালে বিলটিকে পার্লামেন্টে তুলতে বাধ্য করে। ওই বছরই পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি পাস হলেও উচ্চকক্ষে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে বিলটি অনুমোদন না করে স্থগিত রাখা হয়েছিল।

ওই সময় ধারাবাহিকভাবে বড় ধরনের কয়েকটি দুর্নীতি কেলেঙ্কারী ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিল। নতুন পাস হওয়া আইনে দুর্নীতি অনেকাংশেই কমবে বলে মনে করছেন হাজারে।

পুরনো খবর:

ভারতীয় পার্লামেন্টে দুর্নীতি-বিরোধী বিল নিয়ে বিতর্ক