ভারতীয় পার্লামেন্টে দুর্নীতি-বিরোধী বিল নিয়ে বিতর্ক
দুর্নীতিবিরোধী আন্দোলনকারী আন্না হাজারের নতুন অনশন ধর্মঘটের মুখে ভারতীয় পার্লামেন্টে নতুন দুর্নীতিবিরোধী আইন নিয়ে বির্তক শুরু করা হবে বলে ধারণা করা হচ্ছে।
নিজ গ্রাম মহারাষ্ট্রের রালেগান সিদ্ধিতে হাজারের “আমরণ” অনশন মঙ্গলবার অষ্টম দিনে প্রবেশ করেছে বলে জানিয়েছে বিবিসি।
তার দাবিকৃত লোকপাল বিল নামে পরিচিত আইনটিতে রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীদের দুর্নীতির তদন্তে স্বাধীন তদন্তকারী নিয়োগের বিষয়টি রাখা হয়েছে।
হাজারের ১২ দিনের টানা অনশন ২০১১ সালে বিলটিকে পার্লামেন্টে তুলতে বাধ্য করে। ওই বছরই পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি পাস হলেও উচ্চকক্ষে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে বিলটি অনুমোদন না করে স্থগিত রাখা হয়েছিল।
ওই সময় ধারাবাহিকভাবে বড় ধরনের কয়েকটি দুর্নীতি কেলেঙ্কারী ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিল।
ভারতের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কামাল নাথ জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে বিলটি পাশে অধিকাংশ দলই রাজি হয়েছে।
ক্ষমতাসীন কংগ্রেস ও প্রধান বিরোধীদল বিজেপি উচ্চকক্ষে বিলটি পাসের ব্যাপারে নিশ্চয়তা দিলেও কংগ্রেসের জোট শরিক সমাজবাদী পার্টি জানিয়েছে, তারা সর্বন্তকরণে বিলটির বিরোধিতা করবে।
রোববার কংগ্রেস দলীয় নেতা রাহুল গান্ধি লোকপাল বিলের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র।”
অপরদিকে আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনে এক সময়ের অন্যতম প্রধান সহচর অরবিন্দ কেজিরিওয়াল পার্লামেন্টে প্রস্তাবিত লোকপাল বিলটিকে “দুর্বল” বলে অভিহিত করেছেন।
