‘দক্ষিণ সুদানে সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ৪ শতাধিক’
বিশ্বের নবীনতম স্বাধীনদেশ দক্ষিণ সুদানের সেনাবাহিনীর পরস্পরবিরোধী উপদলগুলোর মধ্যে সংঘর্ষে কয়েকশ’ মানুষ নিহত হয়েছেন বলে অনির্ভরযোগ্য প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের কূটনীতিকরা জানিয়েছেন, দেশটির রাজধানী জুবার সূত্রগুলো জানিয়েছে, নিহত মানুষের সংখ্যা ৪শ’ থেকে ৫শ’ জন হবে।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সিলভা কিরের বিরুদ্ধে কথিত একটি সেনা অভ্যুত্থান প্রচেষ্টার জের ধরে গত দুদিন ধরে দেশটিতে সংঘর্ষ চলছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি বিবিসিকে বলেছেন, দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার “সমূহ সম্ভাবনা” আছে।
এর আগে দেশটির সরকার জানিয়েছে, সাবেক অর্থমন্ত্রীসহ ১০ জন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রেসিডেন্ট কির জানিয়েছেন, রোববার রাতে সাবেক উপরাষ্ট্রপতি রিয়েক ম্যাখার এর অনুগত সেনাদের একটি দল জোর করে ক্ষমতা দখলের চেষ্টা করে, কিন্তু তারা পরাজিত হয়।
এরপর তিনি দেশটিতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সান্ধ্য আইন জারির নির্দেশ দেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্তারিত ঘটনা জানা যায়নি। তবে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠক থেকে জানানো হয়েছে, “নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর মধ্যেই সংঘর্ষের ব্যাপকতা ছড়িয়ে পড়েছে বলে আপাতভাবে ধারণা করা হচ্ছে।”
