২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আঙ্গেলা ম্যার্কেল তৃতীয়বার ক্ষমতায়

আঙ্গেলা ম্যার্কেলকে তৃতীয়বারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচন করেছেন পার্লামেন্ট সদস্যরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 05:19 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে নির্বাচিত হয়ে তৃতীয়বার ক্ষমতাসীন হলেন ম্যার্কেল। তার পক্ষে পড়ে ৪৬২ এবং বিপক্ষে পড়ে ১৫০ ভোট। ৯ জন ভোটদানে বিরত থাকে।

নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে তার এদিনই বৈঠক করার কথা রয়েছে৷ ২২ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের প্রায় তিন মাস পর নতুন মন্ত্রিসভা দায়িত্ব নিতে যাচ্ছে৷ এর নেতৃত্বে থাকবেন ম্যার্কেল৷

২০০৫ সালে ৭ বছর ধরে ক্ষমতায় থাকা সোশ্যাল ডেমোক্রেটস(এসপিডি)র চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারকে হারিয়ে প্রথমবারের মতো জার্মানির নারী চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেন ম্যার্কেল৷

প্রথম দায়িত্ব নিয়েই ম্যার্কেল চির প্রতিদ্বন্দ্বী এসপিডি'র সাথে গ্র্যান্ড কোয়ালিশন বা মহাজোট গঠন করেন৷ তৃতীয় দফায় ক্ষমতায় এসেও তাকে সেই জোটই গঠন করতে হয়েছে৷

গত ১০ বছরের মধ্যে ৮ বার ফোর্বস ম্যাগাজিন ম্যার্কেলকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করেছে৷

ক্ষমতা গ্রহণের পরপরই ম্যার্কেল দেখেছিলেন বৈশ্বিক অর্থনীতিতে মন্দা৷ এর হাত থেকে দেশকে রক্ষা করেছিলেন তিনি৷ সেকারণে ক্ষমতার আট বছর পরও তার ওপর মানুষের আস্থা আগের মতোই থাকায় এবারও বিপুল জনসমর্থন পেলেন তিনি৷