২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলার সর্ববৃহৎ মূর্তি

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার ৩০ ফুটের একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করা হয়েছে দেশটির রাজধানী প্রিটোরিয়ায়। মূর্তিটিতে ম্যান্ডেলা হাত প্রসারিত করে প্রতীকীভাবে দক্ষিণ আফ্রিকার ঐক্য ও জাতিগত সম্মিলন নির্দেশ করছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

রোববার নিজ গ্রাম কুনুতে ম্যান্ডেলাকে সমাহিত করার একদিন পর সোমবার প্রিটোরিয়ার ইউনিয়ন ভবনের বাগানে ম্যান্ডেলার মূর্তিটি উন্মোচন করা হয় বলে দ্য ডন জানিয়েছে।

৪.৫ টন ওজনের ম্যান্ডেলার এ মূর্তিটি বিশ্বের বিভিন্ন স্থানে স্থাপিত ম্যান্ডেলার মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড়।

পাহাড়ের ওপর অবস্থিত ইউনিয়ন ভবনের সামনে স্থাপিত ম্যান্ডেলার মূর্তিটি প্রিটোরিয়া শহরের দিকে মুখ করে তাকিয়ে আছে। এই ইউনিয়ন ভবনই দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় সরকারের দপ্তর।

৫ ডিসেম্বর জোহানেসবার্গের নিজ বাসভবনে মারা যান দক্ষিণ আফ্রিকার ইতিহাস বদলে দেয়া এই নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

১০ দিনের জাতীয় শোক পালনের পর রোববার ম্যান্ডেলাকে তার পারিবারিক গ্রাম কুনুতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এই কুনুতেই নিজের শৈশবের দিনগুলো কাটিয়েছিলেন কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলা।