সিরিয়ার জন্য রেকর্ড সাহায্যের আবেদন জাতিসংঘের
সিরিয়ায় এ যাবৎকালের সবচেয়ে বেশি ৬শ’৫০ কোটি ডলারের মানবিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের হিসাবমতে, ২০১৪ সালে সিরিয়ার ২ কোটি ২৪ লাখ মানুষের প্রায় তিন-চতুর্থাংশের মানবিক সাহায্য দরকার হবে।
বিবিসি জানায়, সিরিয়ায় অনাহারে মানুষ মারা যাওয়ার ঝুঁকির মুখে আছে বলে আন্তর্জাতিক উদ্ধার কমিটি নতুন একটি গবেষণা প্রতিবেদনে সতর্কবার্তা দেয়ার পরপরই জাতিসংঘ এ আবেদন জানাল।
প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ায় কয়েকটি এলাকায় রুটির দাম ৫শ’ শতাংশ বেড়েছে। ৫ জনে ৪ জন সিরীয়ই এখন খাবার ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন।
এ পরিস্থিতিতে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক প্রধান ভ্যালেরি আমোস এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এন্টনিও গুটারেস সুইস নগরী জেনেভায় সোমবার এ আবেদন জানান।
সব মিলিয়ে জাতিসংঘ আগামী বছরের মানবিক সাহায্য কার্জক্রমের জন্য ১৩শ’ কোটি ডলারের তহবিল আহ্বান করেছে।
এর মধ্যে ২৩০ কোটি ডলারের সাহায্য যাবে সিরিয়ার অভ্যন্তরীন নাগরিকদের জন্য। আর প্রতিবেশী দেশগুলোতে সিরীয় শরণার্থীদের জন্য দেয়া হবে ৪২০ কোটি ডলারের সাহায্য।
গত জুনে জাতিসংঘ সিরিয়ার জন্য যে রেকর্ড ৪শ’৪০ কোটি ডলার সাহায্যের আবেদন করেছিল তা ছাড়িয়ে গেছে এবারের সাহায্যের আবেদন। এ পর্যন্ত ৬০ শতাংশ সাহায্য সরবরাহ করা হয়েছে। এখনো সিরিয়া খাবার, পানি এবং চিকিৎসার অভাবে রয়েছে বহু মানুষ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার গুটারেস বলেন, “এখানে আমরা খুবই উদ্বেগজনক পরিস্থিতিতে আছি। ২০১৪ সাল নাগাদ আরো সিরীয় নাগরিক উদ্বাস্তু হবে কিংবা তাদের মানবিক সাহায্যের প্রয়োজন পড়বে”।
বর্তমান সময়ে সিরিয়া সঙ্কটকেই বিশ্বের সবচেয়ে বড় সঙ্কট বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক কর্মসূচির প্রধান ভ্যালেরি আমোস।
জাতিসংঘের হিসাবে, ২০১১ সালের মার্চে সিরিয়ায় সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত দেশটির ভেতরে উদ্বাস্তু হওয়া মানুষের সংখ্যা প্রায় ৬৩ লাখ। আর ২০ লাখেরও বেশি সিরীয় তুরস্ক এবং লেবাননসহ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।
