২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেবযানীকে আইনি ছাড় নয়: যুক্তরাষ্ট্র

ভিসা জালিয়াতি ও গৃহপরিচারিকাকে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দিয়ে বেশি কাজ করানোর অভিযোগে নিউ ইয়র্কে আটক ভারতীয় কনস্যুলেটের কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে কোনো আইনি ছাড় দেয়া হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 10:35 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানীকে গ্রেপ্তারের বিষয়টি সম্পূর্ণ ভাবে আইনের আওতায় পড়ে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।আইবিএন নিউজ এ খবর দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর পরিষ্কার করে বলেছে, ভিয়েনা চুক্তি অনুযায়ী কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করে কোনও কাজ করলে তখনই কেবল কূটনৈতিক রক্ষাকবচ মিলতে পারে।

দেবযানী যে পরিচারিকাকে আনানোর ক্ষেত্রে কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করেননি সে কথা এরই মধ্যে স্পষ্ট হয়েছে তার এক বান্ধবী সুনীতা দেওয়ানের কথায়।

মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র বলেছেন, আইনগত ভাবেই বিষয়টিকে দেখবেন তারা।ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কিন্তু দেবযানীর গ্রেফতারি নিয়ে এরই মধ্যে ভারতে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। মার্কিন সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই।

গত বৃহস্পতিবার দেবযানী খোবরাগাড়েকে আটকের পর প্রকাশ্যে হাতকড়া পরিয়ে নিয়ে যায় নিউ ইয়র্কের পুলিশ।

মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে তাকে আটক করা হয়। অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে এই ভারতীয় কূটনীতিকের।

ম্যানহাটানের ভারতীয় বংশোদ্ভূত প্রসিকিউটর প্রীত ভারারার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে নিউ ইয়র্কের পুলিশ।

তার বিরুদ্ধে অভিযোগ, এক ভারতীয় পরিচারিকাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার সময় তার ভিসায় তিনি যে প্রাপ্য বেতনের কথা লিখেছিলেন, সেই টাকা দিচ্ছিলেন না। কিন্তু দেবযানীকে যে ভাবে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়। দেবযানী পরে জামিনে ছাড়া পান।

দেবযানীর নিউ ইয়র্কের বাড়িতে গত বছরের নভেম্বর থেকে এ বছরের জুন পর্যন্ত সঙ্গীতা রিচার্ড নামের এক পরিচারিকা কাজ করেন। বেতনের অসামঞ্জস্য নিয়ে দেবযানীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সঙ্গীতাই। জুন থেকে ওই পরিচারিকা নিখোঁজ। প্রকৃত সত্য সামনে আসার জন্য তাকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের পুলিশকে অনুরোধ জানিয়েছে ভারত।

পুরনো খবর:

নিউ ইয়র্কে ভারতীয় কূটনীতিক গ্রেপ্তার, জামিন