সৌরভকে পাশে চান নরেন্দ্র মোদী
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে আগামী বছরের জাতীয় নির্বাচনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
শনিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বিজেপির কাছ থেকে প্রস্তাব পেলেও এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি পশ্চিমবঙ্গের ছেলে সৌরভ।
নির্বাচনে ভারতীয় জনতা পার্টির(বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির কাছ থেকেই এ প্রস্তাব এসেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিজেপি ক্ষমতায় গেলে সৌরভকে ক্রীড়ামন্ত্রী করারও প্রতিশ্রুতি দিয়েছেন মোদী।
“হ্যা, আমাকে একটি প্রস্তাব দেয়া হয়েছে। তবে কী করবো সে বিষয়ে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। কয়েকদিন ধরে আমি ব্যস্ত রয়েছি। শিগগিরই এ বিষয়ে আপনাদের জানাব,” সৌরভকে উদ্ধৃত করে কলকাতাভিত্তিক একটি বাংলা দৈনিক জানিয়েছে।
‘দাদা’ হিসেবে পরিচিত এই ক্রিকেটারের শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতজুড়েই জনপ্রিয়তা রয়েছে। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই নরেন্দ্র মোদী তাকে পাশে পেতে চাচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নভেম্বরের মাঝামাঝিতে এক বন্ধুর মাধ্যমে নয়া দিল্লিতে বরুণ গান্ধীর সঙ্গে সৌরভ দেখা করার পর তার বিজেপিতে যোগ দেয়ার বিষয়ে বেশ জল্পনা-কল্পনা শুরু হয়।
বিজেপির সাধারণ সম্পাদক বরুণ গান্ধীই পশ্চিমবঙ্গে দলের দেখভালের দায়িত্বে আছেন।
