যুক্তরাষ্ট্রের স্কুলে ফের গোলাগুলি, আহত ২
যুক্তরাষ্ট্রের একটি হাইস্কুলে শিক্ষকের ওপর ক্ষুব্ধ এক ছাত্রের গুলিতে দুই সহপাঠী আহত হয়েছেন। পরে গুলিবর্ষকারী ছাত্রটি আত্মহত্যা করেছেন বলে আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার দেশটির কলরাডো রাজ্যের ডেনভার শহরের আরাপাহো হাইস্কুলে এ ঘটনা ঘটে।
আরাপাহো কান্ট্রি শেরিফ গ্রেসন রবিনসন জানিয়েছেন, ওই দিন দুপুরে হাতে একটি শটগান নিয়ে ছাত্রটি স্কুলে এসে শিক্ষকের নাম ধরে খোঁজ করে, এরপর গুলি করে দুই ছাত্রকে আহত করে। আহত দুই ছাত্রের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
খবর পেয়েই ওই শিক্ষক অক্ষত অবস্থায় স্কুল থেকে পালিয়ে যান। পরে স্কুলের একটি শ্রেণীকক্ষে গুলিবর্ষণকারী ছাত্রটির মৃতদেহ খুঁজে পায় পুলিশ।
“নিজ গুলিতে আহত হয়ে গুলিবর্ষণকারী মারা যান,” বলেন রবিনসন।
১৯৯৯ সালে এই স্কুলটি থেকে মাত্র আট মাইল দূরে কলুম্বাইন হাইস্কুলে দুই ছাত্রের গুলিতে ১৩ জন সহপাঠী ও স্কুলকর্মী নিহত হয়েছিলেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্কুল গুলিবর্ষণের অন্যতম প্রাণঘাতী ঘটনা।
