এপ্রিলের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন চুক্তি সম্ভব: কেরি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন এখনো এপ্রিলের শেষ নাগাদ একটি পরিপূর্ণ মধ্যপ্রাচ্য শান্তি চুক্তিতে পৌঁছার পথেই আছে এবং দু’পক্ষ আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
মধ্যপ্রাচ্যে দ্বিতীয়বারের মতো সফরকালে শুক্রবার কেরি একথা বলেন।
ইসরায়েল এবং ফিলিস্তিন দু’পক্ষই তাদের কয়েক দশকের পুরোনো সংঘাতের মূলে থাকা বিষয়গুলোর রূপরেখা নিয়ে আলোচনা করছে এবং এ থেকেই তারা চূড়ান্ত চুক্তির পথে এগুবে বলে মন্তব্য করেন কেরি।
ফিলিস্তিন ও ইসরায়েলি নেতাদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “আলোচনার টেবিলে থাকার বাধ্যবাধকতা মেনে চলতে দু’পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা ৯ মাসের যে সময় বেঁধে দিয়েছি তার মধ্যে তারা দৃঢ়সঙ্কল্প নিয়েই আলোচনা চালিয়ে যাচ্ছে”।
তবে শান্তি আলোচনা সম্পর্কে ইসরায়েল এবং ফিলিস্তিনের কর্মকর্তারা যে ইঙ্গিত দিয়েছেন তাতে এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। আর এ কারণেই আলোচনায় গতি সঞ্চার করতে কেরিকে বার বারই মধ্যপ্রাচ্য সফরে যেতে হচ্ছে।
তবে কেরি বলছেন, চূড়ান্ত চুক্তি হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনো আশাবাদী। কারণ, এ ব্যাপারে তাদের পূর্ণ আস্থা আছে।
