পাকিস্তানে পোলিও কর্মসূচিতে হামলায় নিহত ৩
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পোলিও কর্মসূচিতে নিয়োজিতদের ওপর বন্দুকধারীদের দুটি পৃথক হামলায় এক পোলিও কর্মী এবং দুই পুলিশ নিহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, পোলিও কর্মীদের একটি দলের দায়িত্বে নিয়োজিত দুই পুলিশ কর্মকর্তা মটরসাইকেলে করে সোয়াবি শহর থেকে টোপিতে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলার শিকার হয়।
অন্যদিকে, পেশাওয়ারে বন্দুকধারীদের গুলিতে নিহত হয় এক পোলিও কর্মী। পাকিস্তানে প্রায়ই পোলিও নির্মূল কর্মসূচিতে নিয়োজিত কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
শুক্রবারের হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে তালেবানরা পোলিও টিকাদান কর্মসূচির বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ, পোলিও প্রচারাভিযানকর্মীরা পশ্চিমাদের চর হিসাবে কাজ করছে।
