২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমকামিতায় নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’

ভারতের সুপ্রিম কোর্ট সমকামিতাকে ফৌজদারি দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বহাল রেখে এক ধাপ পিছিয়ে পড়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Dec 2013, 05:13 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

সমকামী আন্দোলনকে অগ্রাহ্য করে ভারতের সুপ্রিম কোর্ট বুধবার ২০০৯ সালের নিম্ন আদালতের রায় খারিজ করে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের আইন পুনর্বহাল করে সমকামিতাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করে।

এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বলেছে, দণ্ডবিধির ৩৭৭ ধারায় পরিবর্তন আনার অধিকার একমাত্র পার্লামেন্টের।

এর পরপরই বৃহস্পতিবার নাভি পিল্লাই জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ব্যক্তিগত এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে সমলৈঙ্গিক যৌনআচরণকে দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করে ভারত আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার আইনে স্বীকৃত বৈষম্যহীন সমাজ এবং মানুষের ব্যক্তিগত অধিকার পরিপন্থি কাজ করেছে।

এতে আরো বলা হয়, সুপ্রিম কোর্টের বুধবারের রায়ে ভারত এক লাফে অনেকখানি পিছিয়ে গেছে এবং মানবাধিকার বড় ধরনের ধাক্কা খেয়েছে।

মানবাধিকারের সুরক্ষায় ভারতের সুপ্রিম কোর্টের গৌরবজ্জ্বল ইতিহাস থাকলেও এ সিদ্ধান্তে আদালত সেই ঐতিহ্য থেকে দুঃখজনকভাবে সরে এসেছে বলে পিল্লাই উল্লেখ করেন। সেইসঙ্গে আদালত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পুরনো খবর:

সমকামিতাকে দণ্ডনীয় অপরাধ ঘোষণা ভারতে